ত্বকের যত্নে আবশ্যকিয় উপাদান

প্রকাশ: ১৭ মে ২০২৬

ত্বকের যত্নে আবশ্যকিয় উপাদান

সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখা আমাদের অনেকেরই নিত্যকার অভ্যাস। কখনো এক চিলতে হাসি ফুটে উঠে আবার কখনোবা পড়ে চিন্তার ভাঁজ। এতো স্কিনকেয়ার করা  হয়, কিন্তু ত্বকে নেই কেনো সেই কাঙ্ক্ষিত উজ্জ্বলতার ছটা? নামি সিরাম, ক্রিম, ভাইরাল যতো বিউটি হ্যাক- সবই ফলো করার পরেও নেই আশানুরূপ ফল। শুধুমাত্র ফেসওয়াশ এবং ময়েশ্চারাইজ হোক অথবা ৪ স্টেপের রুটিন হোক, প্রায় প্রত্যেকেরই ত্বকের যত্নের রুটিন রয়েছে। আর এই যত্নের নিমিত্তে ব্যবহৃত প্রোডাক্টের এমন কিছু উপাদান থাকা আবশ্যক যা আপনার ত্বকের যত্নের রুটিনে বিপ্লব ঘটাতে পারে। 


একটি উজ্জ্বল, কোমল ত্বক কে না চায়? প্রতিদিনের ব্যস্ততা, দূষণ আর মানসিক চাপের প্রভাব সবার আগে পড়ে আমাদের ত্বকে। ত্বকের স্বাস্থ্যের উন্নতি হতে পারে ভাল যত্ন নেয়ার মাধ্যমে। আর এই পরিচর্যার জন্য সঠিক উপাদান আর প্রোডাক্ট খুঁজে বের করা নেহাত সহজ ব্যাপার নয়। সুন্দর ত্বকের রহস্য শুধু পন্যের ব্র্যান্ডে নয়, লুকিয়ে থাকে তার মধ্যে থাকা উপাদানে। স্কিনকেয়ার বোতলের রঙিন প্যাকেজিং বা আকর্ষনীয় বিজ্ঞাপনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ভেতরে কি আছে তা জানা। আমরা খুব কম মানুষই জানি যে প্রতিটি পৃথক স্কিনকেয়ার উপাদানে আসলে কী কী সুবিধা রয়েছে। প্রোডাক্টে ব্যবহৃত উপাদানগুলো সম্পর্কে ধারনা থাকা আপনার ত্বককে চেঞ্জ করতে সাহায্য করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে সেগুলো ত্বকের প্রয়োজনের সাথে মানানসই। আসুন পরিচিত হয়ে নিই এমন উপাদানগুলোর সাথে-


হায়ালুরোনিক অ্যাসিড

হাইড্রেশনের রাজা বলা হয় এই হায়ালুরনিক অ্যাসিডকে। শুষ্ক, নিষ্প্রাণ ও টানটান ত্বক? সমাধান হায়ালুরোনিক অ্যাসিড। এটি শুধুমাত্র ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করেনা, সেই আর্দ্রতাকে বাতাসে বাষ্পীভূত হতে বাঁধা দেয়। এটি তৈলাক্ত ও শুষ্ক উভয় ধরনের ত্বকের জন্য কার্যকর। একটি হায়ালুরোনিক অ্যাসিড সিরাম ত্বকের যত্নের রুটিনে দূর্দান্ত সংযোজন। বিশেষ করে গ্রীষ্ম থেকে শরৎ এবং শীতের মাসগুলোতে, যখন তাপমাত্রা এবং আর্দ্রতা হ্রাস পায়। 


ভিটামিন সি

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক আগেই খাবারে পর্যাপ্ত ভিটামিন সি পাওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। সর্বোপরি, সঠিক ফল এবং শাকসবজি খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি ত্বকের যত্নের পন্যগুলোতেও বিস্তৃতভাবে ব্যবহৃত হয়। ত্বককে উজ্জ্বল করতে, কালচে দাগ কমাতে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি। 


রেটিনল

তারুন্য ধরে রাখার জাদুকর এই উপাদান। সব স্কিনের ধরনের উপর প্রযোজ্য এই উপাদানটি স্কিনকেয়ারে বিস্তৃত ভাবে ব্যবহৃত হয়। এটি মূলত ভিটামিন এ এর একটি রুপ। ত্বককে রিনিউ করতে,  ব্রণ কমাতে এবং কোলাজেন তৈরিতে ভালোই সাহায্য করে। শুধু তাই নয়, এন্টিঅক্সিডেন্টের কাজ করে, ফাইন লাইনস ও রিংকেলস দূর করে। সহজভাবে বলতে গেলে কি না করে! তবে সতর্ক থাকতে হবে যে, শুরুতে কম পরিমানে ব্যবহার করা ভালো এবং সবসময় রাতে দেয়াই ভালো। আর পরদিন সকালে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 


নিয়াসিনামাইড

স্কিনকেয়ার দুনিয়ার অলরাউন্ডার হলো এই নিয়াসিনামাইড, যা একাই অনেক সমস্যার সমাধান করতে পারে। ভিটামিন বি৩ এর এই রুপটি, তৈলাক্ত ত্বক হোক কিংবা সংবেদনশীল; সবার সাথেই মানিয়ে যায়। ত্বকের তেল নিয়ন্ত্রণ, ওপেন পোরস কম দৃশ্যমান, লালচে ভাব কামানো এবং ত্বকের সুরক্ষা দেয়াল শক্ত করতে সাহায্য করে। 


স্যালিসাইলিক অ্যাসিড

ত্বকের যত্নে স্যালিসাইলিক অ্যাসিড একটি অত্যন্ত কার্যকরি উপাদান। এটি মূলত বিতা হাইড্রক্সি অ্যাসিড বা বিএইচএ হিসেবে পরিচিত। যারা ব্রণ বা ব্ল্যাকহেডস নিয়ে ভোগেন, তাদের কাছে এটি খুবই পরিচিত নাম। ত্বকের লোমকূপ বা পোরসের গভীরে জমে থাকা অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে ব্রণ, ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডস কমাতে সাহায্য করে। এছাড়াও এক্সফোলিয়েশনের কাজ করে ত্বকের উপর মৃত কোষগুলোকে আলগা করে দূর করে। ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল। 


সেরামাইড

একে বলা হয় ত্বকের নিরাপত্তা প্রহরী। ত্বকের বাইরের স্তরের অন্যতম প্রধান উপাদান। এটি ত্বককে শুষ্কতা ও ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। সহজ কথায়, এটি সিমেন্টের মতো ত্বকের কোষগুলোকে একসাথে আটকে রাখে। ত্বককে শুষ্ক হতে দেয় না এবং আর্দ্রতা লক করে রাখে। 


সানস্ক্রিন

যত্নের শেষ নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ন ধাপ। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করয়ে, যা রোদে পোড়া, অকাল বার্ধক্য এবং ত্বকের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। সবচেয়ে দামী স্কিনকেয়ারও সূর্যের ক্ষতিকর রশ্মির সামনে অনেকটা অসহায়। তাই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরী। 


ত্বকের যত্ন মানেই একগাদা পন্য একসাথে ব্যবহার করা নয়। বরং নিজের ত্বকের ধরন বুঝে সঠিক উপাদান নির্বাচন করাই আসল বিষয়। ত্বকের প্রশ্নে ট্রেন্ড নয়, প্রয়োজন এর চাহিদা বোঝা। সঠিক যত্ন, ধৈর্য এবং উপাদানের মিশেলেই পাবেন একটি সুন্দর ও উজ্জ্বলময় ত্বক।

sidebar ad