ভুলের পরেও কিভাবে টিকিয়ে রাখবেন ভালবাসার সংসার : সব সম্পর্কই নিখুঁত নয়। কোথাও না কোথাও ভুল হবে, কষ্ট হবে, অভিমাবন জমবে। কিন্তু যে সংসারে প্রতিটি ভুলের বিচার হয়, সেখানে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায়। আর যে সংসারে ভুলের পরেও একে অপরকে বোঝার চেষ্টা থাকে, ক্ষমা করার সাহস থাকে, সেই সংসারই ঝড় পেরিয়েও টিকে থাকে।
মনে রাখবেন, ভালোবাসা শুধু ভালোবাসি বলায় নয়।ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো,রাগের পরেও হাত না ছাড়া, কষ্টের পরেও সম্পর্ককে বেছে নেওয়া, আর ক্ষমা করতে শেখা। ভালোবাসার সংসার টিকে থাকে শুধুমাত্র একটি গুণে,ক্ষমা করতে শিখুন।
সবসময় প্রিয় মানুষটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে নেই।প্রতিটি ভুলকে অপরাধ বানিয়ে ফেললে সম্পর্কে ভালোবাসার চেয়ে ভয় বেশি জন্মায়। কখনো কখনো বিচার নয়, প্রয়োজন হয় বোঝাপড়া।শাস্তি নয়, প্রয়োজন হয় ক্ষমা।কারণ যে সম্পর্কে প্রতিটি মুহূর্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়, সেখানে শান্তি থাকে না। আর যে সম্পর্কে ভুলের পরেও একে অপরকে বুঝে নেওয়ার মানসিকতা থাকে, সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়।
যদি একই ভুল বারবার হয়, তাহলে শুধু ক্ষমা করাই সমাধান নয়।তখন পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া দরকার।
প্রথমবার:ভুল বুঝিয়ে বলুন, কথা বলুন।
দ্বিতীয়বার: কারণটা বোঝার চেষ্টা করুন। এটি অভ্যাস, অবহেলা, নাকি ইচ্ছাকৃত?
বারবার হলে: স্পষ্ট সীমারেখা ঠিক করুন এবং জানিয়ে দিন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
পরিবর্তনের চেষ্টা না থাকলে: শুধু ক্ষমা করে যাওয়া সম্পর্ককে সুস্থ রাখে না। তখন সম্পর্কটি নিয়ে গুরুত্বসহকারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
মনে রাখবেন, ক্ষমা একটি মহৎ গুণ, কিন্তু একই ভুলকে বারবার প্রশ্রয় দেওয়া মহৎ গুণ নয়। সত্যিকারের অনুশোচনা কথায় নয়, আচরণের পরিবর্তনে প্রকাশ পায়।
ভালোবাসা টিকে থাকে ক্ষমা, দায়িত্ববোধ এবং পরিবর্তনের ইচ্ছা। এই তিনটির সমন্বয়ে।
স্বামী-স্ত্রীর ভালোবাসা আরও গভীর ও মজবুত হয়, যখন তারা একে অপরের ছোটখাটো ভুলগুলো ক্ষমা করতে শেখে। কারণ একটি সুখী সংসার নিখুঁত দু'জন মানুষ দিয়ে নয়, বরং দু'জন ক্ষমাশীল ও পরিণত মানুষের হাতেই গড়ে ওঠে।
প্রতিটি ভুলের বিচার নয়, কখনো কখনো বোঝাপড়া, ধৈর্য আর ক্ষমাই সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তোলে। ক্ষমা ভালোবাসাকে ছোট করে না।বরং ভালোবাসার ভিত্তিকে আরও শক্ত করে।দীর্ঘদিন সুস্থ থাকে না।
ক্ষমাই দাম্পত্যের সবচেয়ে বড় শক্তি।দাম্পত্য জীবনে ভালোবাসা যেমন জরুরি, তেমনি জরুরি ক্ষমা। কারণ এক ছাদের নিচে থাকতে গেলে ভুল হবে, মতের অমিল হবে, অভিমান হবে। কিন্তু প্রতিটি ভুলকে সম্পর্কের সমাপ্তি না ভেবে, সংশোধনের সুযোগ হিসেবে দেখাই পরিণত দাম্পত্যের পরিচয়।
ক্ষমা মানে আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, আর অন্যায়কে প্রশ্রয় দেওয়াও নয়। ক্ষমা মানে যেখানে পরিবর্তনের আন্তরিকতা আছে, সেখানে সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়া।
মনে রাখবেন,ক্ষমাই দাম্পত্যের সবচেয়ে বড় শক্তি। কারণ যে দাম্পত্যে ক্ষমা, সম্মান, বোঝাপড়া এবং পরিবর্তনের ইচ্ছা থাকে, সেই সম্পর্কই সময়ের সবচেয়ে কঠিন পরীক্ষাতেও টিকে থাকে।
কীভাবে দাম্পত্যে ক্ষমার চর্চা করবেন?
রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না। নিজেকে একটু সময় দিন,তারপর কথা বলুন।
দোষারোপ নয়, অনুভূতির কথা বলুন।তুমি সবসময় এমন বলার বদলে বলুন, তোমার এই আচরণে আমি কষ্ট পেয়েছি।
ভুল স্বীকার করতে শিখুন। আমি দুঃখিত এই দুটি শব্দ অনেক বড় দূরত্ব কমিয়ে দিতে পারে।
ক্ষমা করুন, তবে একই ভুল বারবার হলে কারণ খুঁজুন। পরিবর্তনের আন্তরিক চেষ্টা না থাকলে শুধু ক্ষমা যথেষ্ট নয়।
একে অপরকে সম্মান দিন। ভালোবাসা টিকিয়ে রাখতে সম্মান এবং বোঝাপড়া অপরিহার্য।
প্রতিদিন সম্পর্কের জন্য সময় রাখুন। খোলামেলা কথা বলা, একসঙ্গে সময় কাটানো এবং কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্ককে শক্তিশালী করে।
সুখী দাম্পত্যের রহস্য কখনোই নিখুঁত মানুষ খুঁজে পাওয়ায় নয়।বরং দু'জন অপূর্ণ মানুষ একে অপরকে বুঝে, সম্মান করে এবং প্রয়োজনমতো ক্ষমা করতে শেখায়।
লেখা: ইশরাত জাহান ইনা