স্তনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা উঠলে বিষয়টি শুধু নারীদের সঙ্গে সম্পর্কিত-এমন ধারণা সমাজে প্রচলিত থাকলেও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে স্তন সংক্রান্ত নানা সমস্যা নারী ও পুরুষ উভয়েরই হতে পারে। বয়স, হরমোনের পরিবর্তন, কিছু শারীরিক অবস্থা ও অন্যান্য কারণে স্তনে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।
পুরুষদেরও হতে পারে স্তনের সমস্যা-
পুরুষদের স্তনেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম
হলো গাইনেকোমাস্টিয়া (Gynecomastia)। হরমোনের ভারসাম্যহীনতা, কিছু ওষুধ, স্থূলতা বা
অন্যান্য শারীরিক কারণে পুরুষের স্তনের টিস্যু বেড়ে যেতে পারে। কারণ অনুযায়ী এর চিকিৎসা
ভিন্ন হতে পারে এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
এ ছাড়া পুরুষদের স্তন ক্যানসারও হতে পারে, যদিও এটি তুলনামূলকভাবে বিরল।
স্তনে শক্ত গুটি, নিপল থেকে অস্বাভাবিক স্রাব, নিপলের পরিবর্তন কিংবা স্তনের ত্বকে
অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
স্তনে নতুন কোনো গুটি, অস্বাভাবিক স্রাব, ত্বক বা নিপলের পরিবর্তন কিংবা
অন্য কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। প্রয়োজন
অনুযায়ী চিকিৎসক শারীরিক পরীক্ষা করে আল্ট্রাসনোগ্রাম, ম্যামোগ্রাম বা অন্যান্য পরীক্ষা
করার পরামর্শ দিতে পারেন।
নিজের শরীরের স্বাভাবিক পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। নিয়মিত
নিজের স্তনের স্বাভাবিক অবস্থা সম্পর্কে খেয়াল রাখলে নতুন কোনো পরিবর্তন দ্রুত শনাক্ত
করা সম্ভব হতে পারে। তবে কোনো পরিবর্তন দেখা দিলেই নিজে থেকে রোগের কারণ নির্ধারণ না
করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।
স্তনের সমস্যা নিয়ে লজ্জা বা সংকোচের কারণে চিকিৎসা নিতে দেরি করা উচিত
নয়। নারী কিংবা পুরুষ- যে কারও স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সময়মতো চিকিৎসকের
পরামর্শ নেওয়া জরুরি।
লেখক: ডা. তামান্না আহমেদ সহকারী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি এম.বি.বি.এস (আর.এম.সি), এম.এস (প্লাস্টিক সার্জারি), এম.আর.সি.এস (এডিনবার্গ), এফ.এ.সি.এস (ইউ.এস.এ)
ঢাকা/টিএ