চাকরির বাইরে আয়ের নতুন ১০ পথ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোটবেলায় স্কুলজীবনে ‘মাই এইম ইন লাইফ’ রচনা লেখার অভিজ্ঞতা অনেকের কাছেই নস্টালজিক। মনে আছে নিশ্চয়ই, সেই রচনায় কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ পাইলট হওয়ার স্বপ্নের কথা লিখত। কারও লক্ষ্য থাকত বড় হয়ে ব্যবসায়ী হওয়ার। সময়ের সঙ্গে বদলেছে বয়স, অভিজ্ঞতা, চিন্তাভাবনা; সেই সঙ্গে বদলেছে ক্যারিয়ার গড়ার ধারণাও। এখন আর শুধু নির্দিষ্ট কোনো পেশায় যুক্ত হওয়াই সফলতার একমাত্র মাপকাঠি নয়। বরং নিজের আগ্রহ, সৃজনশীলতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তৈরি করা যায় আয়ের একাধিক পথ।


বর্তমান সময়ে শুধু একটি ডিগ্রি অর্জন করলেই যে কর্মজীবনে সাফল্য আসবে, এমন নিশ্চয়তা নেই। পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, প্রতিযোগিতামূলক এই সময়ে একজন মানুষের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তিনি কী কাজ জানেন এবং সেই জ্ঞান বাস্তবে কতটা কাজে লাগাতে পারেন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এখানেই প্রাসঙ্গিক হয়ে উঠছে সাইড হাসল (Side Hustle) বা মূল পেশার পাশাপাশি বাড়তি আয়ের ধারণা। একসময় যেসব কাজকে নিছক শখ হিসেবে দেখা হতো, ডিজিটাল প্রযুক্তি ও অনলাইন মার্কেটপ্লেসের কল্যাণে সেগুলোই এখন আয়ের উৎস হয়ে উঠছে। আর খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার।



সাইড হাসল (Side Hustle) কি?


সাইড হাসল হলো মূল চাকরি, পড়াশোনা বা প্রধান পেশার পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য অবসর সময়ে করা কোনো কাজ বা ছোট ব্যবসা। এটি সাধারণত নিজস্ব দক্ষতা, শখ বা আগ্রহকে কাজে লাগিয়ে বাড়তি উপার্জনের একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আর্থিক সচ্ছলতা, নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি  নিজের সুবিধামতো সময়ে কাজ করার স্বাধীনতা ও নমনীয়তা এবং ভবিষ্যতে বড় কোনো উদ্যোগ বা পূর্ণকালীন ব্যবসা শুরু করার আগে কম ঝুঁকিতে বাজার যাচাই করার সুযোগ থাকায় এর জনপ্রিয়তা বাড়ছে। 


বিশ্বজুড়েই বাড়ছে এই প্রবণতা। ই-কমার্স মার্কেটিং প্ল্যাটফর্ম অমনিসেন্ড (Omnisend)-এর ২০২৬ সাইড হাসল ইকোনমি রিপোর্ট এবং এ সংক্রান্ত সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে প্রায় ২৮% থেকে ৩০% আমেরিকান মূল পেশার পাশাপাশি কোনো না কোনো সাইড হাসল বা অতিরিক্ত আয়ের উৎসের সাথে যুক্ত রয়েছেন। জরিপে অংশ নেওয়া প্রায় ৮০% আমেরিকান জানিয়েছেন যে তাঁরা শখের বশে নয়, বরং দৈনন্দিন খরচ মেটানো (৫৪%) বা ঋণ পরিশোধ ও সঞ্চয়ের (২৭%) মতো আর্থিক প্রয়োজনে সাইড হাসল শুরু করেছেন। মাত্র ৯% মানুষ কেবল শখ বা প্যাশন থেকে এটি করছেন। সাইড হাসল করা ৫১% আমেরিকান প্রতি মাসে ৫০০ ডলার বা তার কম অতিরিক্ত আয় করেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে সাইড হাসল অর্থনীতির মাসিক আকার দাঁড়িয়েছে প্রায় ৮৪.১ বিলিয়ন ডলারে। 


আজকাল, ফাইবারের (Fiverr) মতো ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো সাইড হাসল শুরু করা আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে। ফাইভারের ২০২৪ সালের অর্থনৈতিক প্রভাব প্রতিবেদন অনুসারে , জরিপে অংশ নেওয়া জেন জি প্রজন্মের প্রায় ৭৯ শতাংশ নতুন দক্ষতা অর্জনে আগ্রহী। 


ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবার-এর তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬ ও ২০২৭ সালে বাড়তি আয়ের জন্য সেরা ১০টি দক্ষতার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্যবসা ও উদ্যোক্তাবিষয়ক সাময়িকী Entrepreneur।  ২০২৬ এবং ২০২৭ সালে মানুষ ফাইবার- এ কোন শীর্ষ ১০টি দক্ষতাকে সাইড হাসলে পরিণত করছে, আসুন জেনে নিই।



১. ইলাস্ট্রেশন: কল্পনাকে রূপ দিন উপার্জনে


ছবি আঁকতে ভালোবাসেন? সেই শখই হতে পারে আয়ের উৎস। ইলাস্ট্রেশন বা চিত্রাঙ্কনের দক্ষতা কাজে লাগিয়ে এখন দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য কাজ করা যায়। ফাইবার-এ ডিজিটাল এবং হাতে আঁকা ইলাস্ট্রেশন অফার করার মাধ্যমে আপনি ব্র্যান্ডগুলোকে মনোযোগ আকর্ষণ করতে এবং বিক্রি বাড়াতে সাহায্য করতে পারেন। 


 শিশুতোষ বইয়ের ছবি, কার্টুন, কমিকস থেকে শুরু করে স্কেচ, লাইন আর্ট এবং আরও অনেক ধরনের শৈলী থেকে অর্থ উপার্জন করতে পারেন। হাতে আঁকার পাশাপাশি ডিজিটাল ইলাস্ট্রেশনের সফটওয়্যার শিখে এই দক্ষতাকে আরও পেশাদার করে তোলা যায়।



২. লোগো ডিজাইন: ব্র্যান্ডের পরিচয় তৈরির দক্ষতা


একটি প্রতিষ্ঠানের নাম কিংবা পণ্যকে মানুষের কাছে আলাদাভাবে পরিচিত করে তুলতে লোগোর ভূমিকা অনেক। ছোট ব্যবসা, অনলাইন শপ, রেস্তোরাঁ কিংবা ফ্যাশন ব্র্যান্ড—সব ক্ষেত্রেই নিজস্ব পরিচিতি তৈরিতে লোগোর প্রয়োজন হয়। সৃজনশীল চিন্তাভাবনা, রং ও ফন্টের সঠিক ব্যবহার এবং ডিজাইনের মৌলিক ধারণা থাকলে এ কাজ শেখা সম্ভব। মিনিমালিস্ট, 3D বা ওয়াটারকালার স্টাইলে লোগো তৈরি করে আয় করা সম্ভব। 



৩. কাস্টম ওয়েবসাইট তৈরি: ডিজিটাল উপস্থিতি গড়ার সুযোগ


আপনার কি ওয়েব ডেভেলপমেন্টের দক্ষতা আছে? বর্তমান সময়ে ছোট-বড় প্রায় সব ব্যবসারই অনলাইনে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার প্রয়োজন হচ্ছে। আর সেই প্রয়োজন থেকেই তৈরি হয়েছে ওয়েবসাইট নির্মাণের কাজের সুযোগ। প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকলে বিভিন্ন প্রতিষ্ঠান, উদ্যোক্তা কিংবা ব্যক্তির জন্য ওয়েবসাইট তৈরি করে আয় করা যায়। ই-কমার্স ওয়েবসাইট, ব্যক্তিগত পোর্টফোলিও, ব্লগ কিংবা ব্যবসায়িক ওয়েবসাইট—কাজের ক্ষেত্র বেশ বিস্তৃত।



৪. ওয়েবসাইট বিল্ডার ডিজাইন: কোডিং ছাড়াও কাজের সুযোগ


সাইড হাসল শুরু করার জন্য আপনাকে একদম গোড়া থেকে কোড করতে হবে না; অনেক ব্যবসা প্রতিষ্ঠানই Wix বা WordPress-এর মতো প্ল্যাটফর্মে তৈরি কার্যকরী সাইট চায়। এইসব ওয়েবসাইট বিল্ডার প্ল্যাটফর্মের সাহায্যে কোডিংয়ের জটিলতা ছাড়াই আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এসব প্ল্যাটফর্মে বিভিন্ন টেমপ্লেট ও ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ফিচার ব্যবহার করে ওয়েবসাইট সাজানো যায়। যাঁদের ডিজাইন সেন্স ভালো, কিন্তু প্রোগ্রামিংয়ে আগ্রহ কম, তাঁরাও এ দক্ষতা অর্জন করতে পারেন।



৫. ওয়ার্ডপ্রেস: ওয়েবসাইট পরিচালনা ও ব্যবস্থাপনার দক্ষতা


বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলোর একটি ওয়ার্ডপ্রেস। এর মাধ্যমে ব্লগ, সংবাদমাধ্যম, ব্যবসায়িক ওয়েবসাইট ও অনলাইন শপ পরিচালনা করা যায়। শুধু নতুন ওয়েবসাইট তৈরি নয়, পুরোনো ওয়েবসাইটের সমস্যা সমাধান, থিম ও প্লাগইন ইনস্টল, পেমেন্ট গেটওয়ে যুক্ত করা কিংবা ওয়েবসাইটের গতি ও নিরাপত্তা উন্নত করার কাজও করা যায়।


আপনার যদি ওয়ার্ডপ্রেসে ভালো জ্ঞান থাকে, তবে আপনি ফাইভার-এ আপনার দক্ষতা কাজে লাগিয়ে ক্লায়েন্টদের মার্কেটিং ইন্টিগ্রেশন, পেমেন্ট গেটওয়ের মতো মূল ফিচারগুলো উন্নত করতে সাহায্য করতে পারেন।



৬. সোশ্যাল মিডিয়া পোস্ট ও ব্যানার ডিজাইন: কনটেন্টের দুনিয়ায় সৃজনশীলতা


সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের জায়গা নয়, ব্যবসা ও ব্র্যান্ডের প্রচারেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা লিংকডইনে নিয়মিত আকর্ষণীয় কনটেন্ট প্রকাশ করতে হয়। এ কারণে সোশ্যাল মিডিয়া পোস্ট ও ব্যানার ডিজাইনের দক্ষতার চাহিদা রয়েছে। প্রচারণামূলক পোস্ট, পণ্যের বিজ্ঞাপন, উৎসবের শুভেচ্ছা কার্ড, ইউটিউব থাম্বনেইল কিংবা ব্র্যান্ডের জন্য নির্দিষ্ট নকশার কনটেন্ট তৈরি করে আয় করা সম্ভব।


আপনার লেআউট এবং ডিজাইন দক্ষতা ব্যবহার করে ফাইভার-এ সকল প্রধান প্ল্যাটফর্মে ব্র্যান্ডগুলির জন্য নজরকাড়া সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ব্যানার তৈরি করুন। আপনার এই অতিরিক্ত কাজটি এমন যেকোনো ব্যবসার জন্য সহায়ক হতে পারে, যা মনোযোগ আকর্ষণ করতে এবং চাহিদা বাড়াতে সাহায্য করবে। 



৭. ভিডিও এডিটিং: ভিডিও কনটেন্টের বাড়তি চাহিদা


ভিডিও এখন ডিজিটাল যোগাযোগ ও প্রচারের অন্যতম শক্তিশালী মাধ্যম। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে প্রতিদিন তৈরি হচ্ছে অসংখ্য ভিডিও। কিন্তু ভালো ভিডিও তৈরি করতে শুধু ক্যামেরায় ধারণ করলেই হয় না, প্রয়োজন সম্পাদনার দক্ষতা। অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া, দৃশ্যের সঙ্গে দৃশ্যের সংযোগ, সাউন্ড, কালার গ্রেডিং ও সাবটাইটেল যুক্ত করার মাধ্যমে একটি সাধারণ ভিডিওকেও আকর্ষণীয় করে তোলা যায়। আপনার যদি সম্পাদনার দক্ষতা থাকে, তবে আপনি ফাইভার-এ ক্লায়েন্টদের বিজ্ঞাপন, ইউটিউব ভিডিও, কর্পোরেট কন্টেন্ট এবং আরও অনেক কিছু তৈরিতে সাহায্য করার জন্য আপনার পরিষেবা দিতে পারেন।


Adobe Premiere Pro, DaVinci Resolve কিংবা CapCut-এর মতো টুল এ ক্ষেত্রে কাজে আসে। এটি একটি লাভজনক অতিরিক্ত আয়ের উৎস, কারণ বহু ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে প্রভাব ফেলার জন্য পরিমার্জিত ভিডিও কন্টেন্টের উপর নির্ভর করে।



৮. ডেটা টাইপিং: নির্ভুলতারও রয়েছে বাজারমূল্য


সব কাজের জন্য সৃজনশীল ডিজাইন কিংবা উন্নত প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন হয় না। দ্রুত ও নির্ভুলভাবে টাইপ করার দক্ষতাও হতে পারে আয়ের একটি মাধ্যম। বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়মিত তথ্য সংরক্ষণ, নথি তৈরি, তালিকা প্রস্তুত ও ডেটা সাজানোর প্রয়োজন হয়। হাতে লেখা নথি কম্পিউটারে টাইপ করা, পিডিএফ থেকে তথ্য নিয়ে ডকুমেন্ট তৈরি, স্প্রেডশিটে তথ্য সাজানো কিংবা অনলাইন ডেটাবেজ আপডেট করার মতো কাজ করা যায়। এ ক্ষেত্রে দ্রুত টাইপ করার পাশাপাশি বানান, সংখ্যা ও তথ্যের নির্ভুলতা বজায় রাখা জরুরি।



৯. থ্রিডি মডেলিং ও রেন্ডারিং: কল্পনার ত্রিমাত্রিক রূপ


ফাইবার-এ আপনার থ্রিডি ডিজাইন সফটওয়্যারের জ্ঞানকে কাজে লাগান। স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, গেমিং, অ্যানিমেশন ও পণ্য বিপণনের ক্ষেত্রে থ্রিডি মডেলিংয়ের ব্যবহার রয়েছে। এর মাধ্যমে কোনো বস্তু বা পণ্যের ত্রিমাত্রিক অবয়ব তৈরি করা যায়। আর রেন্ডারিংয়ের সাহায্যে সেটিকে বাস্তবসম্মত দৃশ্যের মতো উপস্থাপন করা সম্ভব। যেমন, কোনো প্রতিষ্ঠান নতুন একটি আসবাব তৈরির আগে সেটির থ্রিডি মডেল দেখতে চাইতে পারে। আবার কোনো পণ্য বাজারে আনার আগেই তার বাস্তবসম্মত ছবি তৈরি করা সম্ভব। Blender, Autodesk Maya কিংবা 3ds Max-এর মতো সফটওয়্যার শিখে এ ক্ষেত্রে কাজ করা যায়।


 

১০. অনুবাদ: ভাষাজ্ঞানই হতে পারে আয়ের হাতিয়ার


আপনি যদি একাধিক ভাষায় পারদর্শী হন, তবে অনুবাদের মাধ্যমে একটি বাড়তি ব্যবসা শুরু করতে পারেন। আন্তর্জাতিক ব্যবসা, শিক্ষা, গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ভাষার লেখা অনুবাদের প্রয়োজন হয়। ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজি—বিভিন্ন ভাষার বই, নিবন্ধ, ওয়েবসাইট, ব্যবসায়িক নথি ও শিক্ষামূলক কনটেন্ট অনুবাদ করে আয় করা সম্ভব। তবে অনুবাদ মানে শুধু একটি ভাষার শব্দের পরিবর্তে অন্য ভাষার শব্দ বসানো নয়। মূল লেখার অর্থ, প্রেক্ষাপট, আবেগ ও বক্তব্য ঠিক রেখে অন্য ভাষায় সাবলীলভাবে উপস্থাপন করাই একজন দক্ষ অনুবাদকের কাজ।



দক্ষতা থাকলেই কি আয় নিশ্চিত?


নিজের দক্ষতাকে আয়ের উৎসে পরিণত করার সুযোগ তৈরি হলেও বিষয়টি এত সহজ নয়। শুধু একটি সফটওয়্যার চালাতে পারা কিংবা কোনো কাজের প্রাথমিক ধারণা থাকলেই নিয়মিত কাজ পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। দক্ষতার পাশাপাশি সঠিক বিপণন, ক্লায়েন্টের সাথে যোগাযোগ এবং নিজেকে উপস্থাপন করার কৌশল জানাও সমান গুরুত্বপূর্ণ। 


শুরুতে নিজের কাজের কিছু নমুনা বা পোর্টফোলিও তৈরি করা যেতে পারে। আপনার কাজ যে ভালো, তা ক্লায়েন্টকে দেখাতে হবে। একটি আকর্ষণীয় পোর্টফোলিও এবং সোশ্যাল মিডিয়ায় কাজের নিয়মিত প্রচারণা ক্লায়েন্ট খুঁজে পেতে সাহায্য করে। এরপর ফাইবার, আপওয়ার্ক কিংবা অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করে কাজের সুযোগ খোঁজা যায়। এসব প্ল্যাটফর্মে কাজ পেতে প্রতিযোগিতা রয়েছে। অনলাইন বা অফলাইন—যেকোনো জায়গায় শুরুতেই বড় আয় আসে না। প্রথম কাজ পেতে এবং নিজের অবস্থান তৈরি করতে নিয়মিত চেষ্টা ও ধৈর্য ধরতে হয়।


আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার। বর্তমানে এআইয়ের সাহায্যে ছবি তৈরি, লেখা, ডিজাইন কিংবা তথ্য সাজানোর কাজ অনেক সহজ হয়েছে। ফলে কিছু সাধারণ কাজের ধরন বদলে যাচ্ছে। তবে এআইকে কাজে লাগিয়ে আরও ভালো মানের কাজ তৈরি করা, সৃজনশীল সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যার সমাধান করতে পারার দক্ষতা ভবিষ্যতে বাড়তি সুবিধা দিতে পারে।



বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভাবনা...


বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল দক্ষতা কাজে লাগিয়ে বাড়তি আয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তরুণ জনসংখ্যা, ইন্টারনেটের সহজলভ্যতা এবং সরকারি-বেসরকারি নানা উদ্যোগের কারণে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ফ্রিল্যান্সিং দেশে পরিণত হয়েছে। 


যাঁরা নিয়মিত কাজের পাশাপাশি নিজের পছন্দের কিছু করতে চান, তাঁদের জন্য এটি ভালো একটি সুযোগ। কোনো শিক্ষার্থী ভিডিও সম্পাদনায় আগ্রহী হলে ছোট পরিসরে কাজ শুরু করতে পারেন। একজন গৃহিণী ভালো ছবি আঁকতে পারলে ডিজিটাল ইলাস্ট্রেশন শিখতে পারেন। আবার চাকরিজীবী কেউ সপ্তাহান্তে অনুবাদ কিংবা ডিজাইনের কাজ করে বাড়তি উপার্জনের চেষ্টা করতে পারেন।


তবে কাজ শুরুর আগে নিজের আগ্রহ, দক্ষতা, সময় ও সামর্থ্য বিবেচনা করা প্রয়োজন। অনলাইনে কাজের নামে প্রতারণা, ভুয়া প্রশিক্ষণ কিংবা নিশ্চিত আয়ের প্রলোভন থেকেও সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, ফ্রিল্যান্সিং মানেই দ্রুত বড় অঙ্কের অর্থ উপার্জন নয়। এখানে প্রতিষ্ঠিত হতে সময়, শ্রম ও ধারাবাহিকতা প্রয়োজন।


একসময় ক্যারিয়ার বলতে আমাদের চোখের সামনে ভেসে উঠত হাতে গোনা কয়েকটি পেশার ছবি। এখন সেই চেনা ধারণা অনেকটাই বদলে গেছে। কেউ হয়তো অফিসে বসে কাজ করছেন, আবার দিনের অন্য সময়ে নিজের আঁকার দক্ষতা দিয়ে তৈরি করছেন ডিজিটাল আর্ট। কেউ নিয়মিত চাকরির পাশাপাশি ভিডিও সম্পাদনা করছেন, কেউবা ভাষাজ্ঞান কাজে লাগিয়ে অনুবাদের কাজ করছেন। অর্থাৎ, উপার্জনের জন্য সব সময় নতুন কোনো পেশায় যুক্ত হতে হবে, এমন নয়। নিজের ভেতরে থাকা সম্ভাবনাকে চিনে নেওয়াও হতে পারে নতুন শুরুর প্রথম ধাপ। 


ছাত্রজীবনের সেই 'এইম ইন লাইফ' রচনায় হয়তো আমরা একটি নির্দিষ্ট পেশার স্বপ্ন দেখতাম। কিন্তু এখন সময় এসেছে স্বপ্নের পরিধি আরও বড় করার। কারণ, ভবিষ্যতে কে কতটা সফল হবেন, তা শুধু তাঁর ডিগ্রি কিংবা পেশার পরিচয়ে নয়, বরং নিজের দক্ষতাকে কতটা কাজে লাগাতে পারছেন, তার ওপরও নির্ভর করবে। হতে পারে, আজ যে কাজটি নিছক শখ বলে মনে হচ্ছে, আগামী দিনে সেটিই হয়ে উঠবে আপনার বাড়তি আয়ের অন্যতম উৎস।

sidebar ad