প্রথম ভালোবাসা যেমন মানুষকে বদলে দেয়, তেমনি ভাঙা বিশ্বাস, অভিমান আর সময়ও মানুষকে নতুন করে শেখায়।দাম্পত্যের
"দ্বিতীয় ইনিংস"মানে শুধু আবার একসাথে থাকা নয়।এটা হলো পুরোনো ক্ষত নিয়েও নতুনভাবে হাত ধরা। যেখানে পরিপূর্ণ মানুষ নয়, বরং বুঝতে শেখা দুজন মানুষ আবার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে। কখনো সন্তানের জন্য, কখনো একাকীত্বের জন্য, আবার কখনো সত্যিকারের ভালোবাসা হারিয়ে না ফেলতে চাওয়ার জন্য।
ব্যস্ত জীবনে দাম্পত্যের সময় দেয়ার বাস্তব কৌশল:
আজকের আধুনিক জীবনে দাম্পত্য মানে শুধু ভালোবাসা না।ডেডলাইন, ট্রাফিক, অফিস প্রেশার, সোশ্যাল মিডিয়া, সন্তানের দায়িত্ব আর মানসিক ক্লান্তির মাঝেও সম্পর্কটাকে ধরে রাখা।
সকাল শুরু হয় এলার্মে, শেষ হয় মোবাইল স্ক্রলে।তাই ইচ্ছে করেই দুজনের জন্য স্ক্রিন-ফ্রি টাইম রাখা জরুরি।
নতুন করে শুরু করুন এভাবে:
সারাদিন অফিস মিটিংয়ের মাঝেও একটা ভয়েস নোট বা টেক কেয়ার মেসেজ সম্পর্ককে জীবিত রাখে।
দুজনই চাকরি করলে ঘরের কাজ শুধু একজনের দায়িত্ব।
এই চিন্তা বাদ দিতে হবে।
মাঝে মাঝে ফুড ডেলিভারি বাদ দিয়ে রাত ১২টায় একসাথে ম্যাগি বা চা বানানোর মুহূর্তও স্মৃতি হয়ে যায়।
উইকেন্ড মানেই শুধু ঘুম না।একটু ছাদে হাঁটা, কফিশপে বসা বা রাতের শহরে ছোট্ট লং ড্রাইভও দরকার।
বাচ্চার দায়িত্ব ভাগ না করলে সম্পর্কের উপর চাপ পড়ে।একজন পড়ালে অন্যজন খাওয়াক বা ঘুম পাড়াক।
একই বাসায় থেকেও আজকাল মানুষ মানসিকভাবে দূরে সরে যায়।তাই প্রতিদিন অন্তত কিছু সময় শুধু কথা বলার জন্য রাখা দরকার।
সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট কাপল দেখার চেয়ে বাস্তবে একে অপরের ক্লান্তি বুঝতে পারা বেশি গুরুত্বপূর্ণ।
আধুনিক দাম্পত্যে ভালোবাসা টিকে থাকে তখনই, যখন দুজন মানুষ ব্যস্ত জীবনের মাঝেও একে অপরকে অপশন না, বরং শান্তির জায়গা বানিয়ে ফেলে।
অর্থনৈতিক চাপ কিভাবে দাম্পত্যে প্রভাব ফেলে : এখনকার দাম্পত্যে অর্থনৈতিক চাপ মানে শুধু টাকা কম নয়।এটা প্রতিদিনের মানসিক ক্লান্তি, হিসাব-নিকাশ, তুলনা আর এক ধরনের নিরাপত্তাহীনতার যুদ্ধ। অনেক সংসারে ভালোবাসা থাকে, কিন্তু শান্তি হারিয়ে যায়; মাসের শুরুতে বেতন এলেও কয়েকদিনের মধ্যেই বাড়িভাড়া, EMI, বাজার, স্কুল ফি দিতে গিয়ে হিসাব এলোমেলো হয়ে পড়ে, আর ছোট ছোট খরচ নিয়েও শুরু হয় অযথা ঝগড়া। কেউ সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে যদি শুনে তুমি সংসারের জন্য কি করো?, তখন সেই কথাগুলো ধীরে ধীরে ভেতর থেকে মানুষকে ভেঙে দেয়। অনেক নারী চাকরি করলেও অফিসের পর আবার বাসার সব দায়িত্ব সামলাতে গিয়ে অদৃশ্য ক্ষোভ জমিয়ে ফেলে, আবার স্বামী-স্ত্রী দুজনই ফোনে ব্যস্ত থাকলেও ব্যাংক ব্যালেন্স কমে গেলে একে অপরের উপর রাগ ঝাড়ে। সোশ্যাল মিডিয়ায় অন্যদের ঘুরতে দেখা, নতুন গাড়ি-বাড়ি দেখা নিজেদের জীবনের সাথে তুলনা তৈরি করে।ওরা পারলে আমরা পারছি না কেন? এই ভাবনা আরও চাপ বাড়ায়। চাকরি অনিশ্চয়তা, সন্তানের খরচ, চিকিৎসা, কোচিং।সব মিলিয়ে দাম্পত্য অনেকসময় রোমান্স থেকে শুধুই দায়িত্বে পরিণত হয়; টাকার অভাবে না, বরং মানসিক সাপোর্টের অভাবে সম্পর্ক ভাঙে বেশি। তাই শুরুটা করার আগে
এই বাস্তবতায় সমাধান গুলো নিয়ে নিন।
কে কত টাকা দিচ্ছে সেটা না দেখে কে কতটা চেষ্টা করছে সেটা দেখা, ছোট ছোট শান্তির মুহূর্ত তৈরি করা, একজন ক্লান্ত হলে অন্যজন নরম থাকা, মাসে অন্তত একবার বসে খোলামেলা বাজেট আলোচনা করা, আর মনে রাখা,আমরা একে অপরের বিরুদ্ধে না, একই সমস্যার বিরুদ্ধে লড়ছি; কারণ আজকের যুগে দাম্পত্য টিকে থাকে শুধু ভালোবাসায় নয়, বরং কঠিন বাস্তবতার মাঝেও একে অপরকে নিরাপদ অনুভব করাতে পারার ক্ষমতায়।
একসাথে থেকেও দূরত্ব কারণ ও সমাধান :
ভুল গুলো কোথায় ছিল?
একসাথে থেকেও অনেক দাম্পত্যে ধীরে ধীরে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়, যার পেছনে থাকে কিছু বাস্তব ও আধুনিক কারণ। প্রথমত, একঘেয়ে লাইফস্টাইল।একই রুটিন, একই কথা, একই দায়িত্ব।সম্পর্ককে ধীরে ধীরে নিস্তেজ করে ফেলে, ফলে আবেগের জায়গায় ক্লান্তি চলে আসে।
দ্বিতীয়ত, বাচ্চা হওয়ার পর অনেক দম্পতির মধ্যে পার্টনারের প্রতি বিরক্তি বা অবহেলা তৈরি হয়, কারণ মনোযোগ পুরোপুরি সন্তানের দিকে চলে যায় এবং "আমরা"থেকে "আমি" আর দায়িত্ব হয়ে যায় সম্পর্কটা।
তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি মানুষকে বাস্তব সঙ্গীর চেয়ে ভার্চুয়াল দুনিয়ায় বেশি ব্যস্ত করে তোলে, ফলে কথা কমে যায়, বোঝাপড়া কমে যায়।
চতুর্থত, পরকিয়ার মতো বিষয় এখন অনেক সম্পর্কেই চাপ তৈরি করছে।এটা শুধু শারীরিক নয়, আবেগী শূন্যতা থেকেও জন্ম নেয়। পঞ্চমত, কিছু মানুষ বন্ধুদের অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে নিজের পার্টনারকে অবহেলা করে ফেলে, যা ধীরে ধীরে অবিশ্বাস তৈরি করে। ষষ্ঠত, দীর্ঘদিনের মনমালিন্য জমতে জমতে সম্পর্কের ভিত নরম করে দেয়।ছোট সমস্যা কথা না বলে জমিয়ে রাখাই বড় দূরত্বের শুরু।
এর সমাধান একদিনে হয় না, কিন্তু সচেতনতা দিয়েই শুরু হয়। একঘেয়েমি ভাঙতে ছোট ছোট পরিবর্তন দরকার।একসাথে সময় কাটানো, নতুন অভ্যাস তৈরি করা। সন্তান হওয়ার পর দম্পতি পরিচয়টা হারাতে না দিয়ে, কিছু সময় শুধু নিজেদের জন্য রাখা জরুরি। সোশ্যাল মিডিয়ার চেয়ে বাস্তব কথোপকথনকে অগ্রাধিকার দিতে হবে। পরকিয়া বা তুলনা নয়, বরং আবেগী শূন্যতা কোথায় তৈরি হচ্ছে সেটা খুঁজে বের করা দরকার। বন্ধুদের গুরুত্ব থাকবে, কিন্তু সম্পর্কের মূল কেন্দ্র যেন সঙ্গী থাকে সেটা মনে রাখা জরুরি।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো,মনমালিন্য জমিয়ে না রেখে সময়মতো কথা বলা, কারণ নীরবতা একসময় ভালোবাসাকেও দূরে সরিয়ে দেয়।
বিবাহের পর ব্যাক্তিগত স্বাধীনতা কতটা জরুরি :
বিয়ের পর ব্যক্তিগত স্বাধীনতা এখন আর কোনো বিলাসিতা না।এটা আধুনিক সম্পর্ক টিকিয়ে রাখার একটা বাস্তব প্রয়োজন।যেহেতু এটা আপনার দ্বিতীয় ইনিংস তাই বুঝে শুনে পা বাড়ান। আগে ভাবা হতো একসাথে মানেই সবকিছু শেয়ার, কিন্তু আজকের সময়ে সম্পর্ক মানে একে অপরকে নিয়ন্ত্রণ করা না, বরং একে অপরকে স্পেস দেওয়া।
স্বামী-স্ত্রী দুজনেরই নিজের মতো করে কিছু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দরকার।হোক সেটা ক্যারিয়ার, বন্ধুদের সাথে সময় কাটানো, বা নিজের মানসিক রিফ্রেশমেন্ট। কারণ সারাদিন দায়িত্ব, চাপ আর একঘেয়ে রুটিনের মধ্যে যদি মানুষ নিজের জন্য একটু জায়গা না পায়, তাহলে সেই চাপটা অনেক সময় সম্পর্কের উপর গিয়ে পড়ে।
অকারণে রাগ, বিরক্তি, ভুল বোঝাবুঝি বাড়ে।
রিয়ালিস্টিকভাবে দেখলে, স্বাধীনতা থাকলে সম্পর্ক বেশি হালকা থাকে। একজন সবসময় অন্যজনকে জবাবদিহি করতে বাধ্য না হলে বিশ্বাস তৈরি হয়। আবার নিজের আলাদা জীবন থাকলে কথার বিষয়ও বাড়ে।একঘেয়ে নীরবতা কমে। অনেকে ভাবে স্বাধীনতা দিলে দূরত্ব বাড়ে, কিন্তু বাস্তবে ঠিক উল্টো।
নিয়ন্ত্রণ বাড়লে সম্পর্ক ভারী হয়, আর ভারী সম্পর্কেই ক্লান্তি আসে।
আধুনিক দাম্পত্যে সবচেয়ে বড় শক্তি হলো ব্যালেন্স।একসাথে থাকা, আবার আলাদা পরিচয়ও রাখা। বন্ধুদের সাথে সময়, নিজের আগ্রহ, নিজের সিদ্ধান্ত।এসব যদি সম্মানের সাথে মেনে নেওয়া যায়, তাহলে সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং শ্বাস নিতে পারে। কারণ ভালোবাসা মানে একে অপরকে আটকে রাখা না, বরং এমন একটা জায়গা তৈরি করা যেখানে দুজনেই নিজের মতো থেকেও "আমরা" হয়ে থাকতে পারে।
দ্বিতীয় ইনিংস, দীর্ঘ দিন পরে দাম্পত্যে নতুন করে ভালবাসা:
দ্বিতীয় ইনিংস মানে হারিয়ে যাওয়া কিছু ফেরত পাওয়া নয়।এটা নতুন করে সবকিছু গড়ে তোলার সাহস। অনেক দূরত্ব, অনেক নীরবতা, অনেক ভুল বোঝাবুঝির পর যখন দুজন আবার এক টেবিলে বসে, তখন সেখানে শুধু সম্পর্ক থাকে না।থাকে অভিজ্ঞতার ভার আর আবার চেষ্টা করার অদম্য ইচ্ছা।
এই নতুন শুরুতে পুরনো ভুলগুলোকে আর টেনে আনা মানে নিজেদেরই আবার পিছনে টেনে নেওয়া। তাই সেগুলোকে সময়ের কাছে রেখে, বাম পায়ে মাড়িয়ে সামনে এগিয়ে যাওয়াই সত্যিকারের পরিণত ভালোবাসা। কারণ যে সম্পর্ক দ্বিতীয়বার শুরু হয়, সে সম্পর্ক আর আবেগে নয়।সচেতন সিদ্ধান্তে টিকে থাকে।
এখানে প্রতিশ্রুতি নতুন করে লেখা হয়।
অভিযোগ নয়, বোঝাপড়া দিয়ে। সন্দেহ নয়, বিশ্বাস দিয়ে। আর সবচেয়ে বড় কথা,"তুমি বদলাওনি"
এই অভিযোগ নয়, বরং "আমরা আবার চেষ্টা করছি"এই সাহস নিয়েই পথ চলা।
পুরনো কথা আর কখনো মাঝখানে আসবে না।এই সিদ্ধান্তটাই নতুন ইনিংসের ভিত্তি।
কারণ অতীতকে বারবার টেনে আনলে ভবিষ্যৎ কখনো দাঁড়াতে পারে না। তাই এখন থেকে গল্পটা শুধু একটাই
"আমরা আবার শুরু করেছি।"
আর এই শুরুটা যদি সত্যি হয়, তাহলে শেষটাও একসাথে হবে।
ঝগড়ার শেষ নয়, বরং বোঝাপড়ার শেষ, যেখানে দুজন মানুষ একই ছাদের নিচে নয়, একই হৃদয়ের ভেতরে শান্তভাবে থেকে যায়, একসাথে শেষ ইনিংসটা কাটিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়ে।
লেখাঃ ইশরাত জাহান ইনা