ভালবাসা টিকে থাকে সম্মানে, অনুভূতিতে নয়

প্রকাশ: ১৩ মে ২০২৬

ভালবাসা টিকে থাকে সম্মানে, অনুভূতিতে নয়

ভালবাসা শুধু ভালোবাসি শব্দে টিকে থাকে না। টিকে থাকে কিভাবে তুমি রাগের মাঝেও মানুষটাকে ছোট করোনি, কিভাবে তার ক্লান্তি বুঝেছ, কিভাবে তার নীরব কান্নার পাশে চুপচাপ বসে থেকেছ। অনুভূতি সময়ের সাথে বদলে যায়, কিন্তু সম্মান থাকলে সম্পর্ক ভাঙতে ভাঙতেও বেঁচে থাকে। কারণ যে মানুষ তোমাকে সত্যি সম্মান করে,সে কখনো তোমার আত্মসম্মান ভেঙে নিজের ভালবাসা প্রমাণ করতে চায় না।


ভালবাসা অনুভূতি নাকি দায়িত্ব? :

ভালবাসা আসলে শুধু অনুভূতি না,আবার শুধু দায়িত্ব পালনও না। ভালবাসা হলো,

একজন মানুষের হৃদয়, সম্মান, ক্লান্তি, ভয়, রাগ, অভিমান সবকিছুকে নিজের জীবনের অংশ মনে করা।

আমি যেমনি হই আমার মতো করে আমাকে গ্রহণ করা।অনুভূতি মানুষকে কাছে আনে,কিন্তু দায়িত্ব আর সম্মান সম্পর্ককে টিকিয়ে রাখে।

"তোমার জন্য মরতে পারি" এই কথার চেয়ে অনেক বেশি গভীর হলো,"তোমার সম্মান রক্ষা করার জন্য পুরো পৃথিবীর সামনে দাঁড়াতে পারি।"

কারণ সত্যিকারের ভালবাসা কখনো প্রিয় মানুষটাকে ছোট করে না। রাগের সময় অপমান করে না।দুর্বল মুহূর্তে তার 

কষ্টকে নাটক বলে 

উড়িয়ে দেয় না।

ভালবাসা মানে,

পার্টনারের মুড সুইং এর সময় তাকে "এত রেগে আছ কেন?" না বলে, "তোমার ভিতরে কী কষ্ট হচ্ছে?"সেটা বোঝার 

চেষ্টা করা।

ভালবাসা মানে শুধু সুখ ভাগাভাগি না, চাপ, টেনশন, দায়িত্ব, দুশ্চিন্তাও ভাগ করে নেয়া। একজন শুধু উপার্জনের চাপে পুড়বে, আরেকজন শুধু মানসিক বোঝা বইবে,

এটা সম্পর্ক না, 

এটা একতরফা যুদ্ধ।

যেখানে একজন ক্লান্ত হলে আরেকজন ঢাল হয়ে দাঁড়ায়,যেখানে একজন ভেঙে পড়লে আরেকজন শক্ত হাতে ধরে রাখে, সেখানেই ভালবাসা 

বেঁচে থাকে।

অনেক সময় দায়িত্বে অবহেলা আর অনিচ্ছার পার্থক্য মানুষ বুঝতে চায় না।কেউ হয়তো সত্যিই ক্লান্ত,ভেতরে ভেতরে যুদ্ধ করছে,কিন্তু তাকে অলস, উদাসীন বা অনুভূতিহীন বলে বিচার করা হয়। 

অথচ সম্পর্ক টিকে থাকে তখনই,যখন দুজন মানুষ বিচার করার আগে বোঝার চেষ্টা করে।

ভালবাসা শুধু রোমান্টিক কথা না।ভালবাসা হলো, রাগের মাঝেও সম্মান ধরে রাখা,অভিমানের মাঝেও যোগাযোগ না ভাঙা,এবং পৃথিবী বিপক্ষে গেলেও "আমি আছি"

এই নিরাপত্তাটা অনুভব করানো।

কারণ দিন শেষে মানুষ ভালবাসার চেয়ে বেশি খোঁজে শান্তি।আর শান্তি আসে সেই মানুষটার কাছ থেকে, যে তোমার অনুভূতির মূল্য দেয়, তোমার কষ্টকে নিজের কষ্ট মনে করে,এবং সব পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়াতে লজ্জা পায় না।


লং-টার্ম রিলেশনশিপ  টিকিয়ে রাখার গোপন সূত্র:

এটা আসলে কোনো 

ম্যাজিক না,এটা প্রতিদিনের ছোট ছোট আচরণের উপর দাঁড়িয়ে থাকে।সবচেয়ে বড় সত্য হলো, ভালবাসা সময়ের সাথে কমতেও পারে, 

বদলাতেও পারে।

কিন্তু সম্মান,নিরাপত্তা আর বোঝাপড়া থাকলে সম্পর্ক টিকে যায়।

গোপন সূত্রগুলো অনেকটা এমন—

* রাগের সময়ও সম্মান হারিয়ে না ফেলা

সব সম্পর্কেই ঝগড়া হবে। কিন্তু অপমান, তাচ্ছিল্য, তুলনা,এই জিনিসগুলো ধীরে ধীরে সম্পর্ককে ভিতর থেকে মেরে ফেলে।

•“আমি ঠিক” নয়, “আমরা ঠিক থাকি” মানসিকতা।

ইগো জিতলে সম্পর্ক হারে। কখনো কখনো তর্ক জেতার চেয়ে মানুষটাকে ধরে রাখা বেশি জরুরি।

* অনুভূতি পড়তে শেখা

সব কষ্ট মুখে বলা যায় না। অনেক সময় "আমি ঠিক আছি" এর ভিতরেও মানুষ ভেঙে পড়ে।

লং টার্ম সম্পর্ক টিকে তখনই, যখন একজন আরেকজনের নীরবতাও বুঝতে শেখে।

* দায়িত্ব আর কষ্ট ভাগ করে নেয়া

শুধু বিল পে করাই দায়িত্ব না,শুধু রান্না করাও দায়িত্ব না।মানসিক চাপ,পরিবার, ভবিষ্যতের ভয় সবকিছুতে তুমি একা না এই অনুভূতি দেয়াটা গুরুত্বপূর্ণ।

* কঠিন সময়ের আচরণই আসল পরিচয়।

সুখের দিনে সবাই পাশে থাকে।কিন্তু মানুষ মনে রাখে,তার সবচেয়ে খারাপ সময়টাতে কে ঢাল হয়ে দাঁড়িয়েছিল।

* সম্পর্কের ভিতর বন্ধুত্ব বাঁচিয়ে রাখা।

যেখানে হাসি নেই, স্বস্তি নেই,খোলামেলা কথা নেই,সেখানে শুধু সম্পর্কের নাম থাকে,সম্পর্কটা বাঁচে না।

* ছোট ছোট যত্ন কখনো বন্ধ না করা।

একটা "খেয়েছ", ক্লান্ত মুখ দেখে পানি এগিয়ে দেয়া, মন খারাপ বুঝে পাশে বসা এই ছোট জিনিসগুলোই বছর শেষে মানুষকে আটকে রাখে।

আর সবচেয়ে বড় কথা, লংটার্ম টিকে থাকে তখনই, যখন দুজন মানুষ প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নেয়,সমস্যার বিরুদ্ধে আমরা একসাথে, একে অপরের বিরুদ্ধে না।

অনেক সম্পর্ক বাইরে থেকে খুব সুন্দর দেখায়।

একসাথে ছবি, ঘুরতে যাওয়া, বিয়ে বার্ষিকী… 

কিন্তু ঘরের ভিতরে তারা একে অপরের সাথে কথা বলে শুধু প্রয়োজন হলে। ভালবাসা থাকে, কিন্তু শান্তি থাকে না।

আবার কিছু সম্পর্ক বাইরে থেকে একদম সাধারণ। বড় বড় রোমান্টিকতা নেই, কিন্তু সেখানে একজন রাতে দেরি করে ফিরলে আরেকজন চুপচাপ খাবার গরম করে রাখে। একজন মানসিকভাবে ভেঙে পড়লে আরেকজন নিজের ক্লান্তি লুকিয়ে পাশে বসে থাকে। এসব সম্পর্কই আসলে বেশি দিন টিকে যায়।

লং টার্ম রিলেশনশিপ  টিকিয়ে রাখার গোপন

সূত্র হলো,

একসাথে শুধু সুখ না, বাস্তব জীবনও বহন করতে পারা।বাস্তব জীবনে একটা সময় আসে,যখন প্রেমের এক্সাইটমেন্ট কমে যায়। তারপর শুরু হয় আসল পরীক্ষা, অর্থনৈতিক চাপ, পরিবারের সমস্যা, ক্যারিয়ার টেনশন, শারীরিক ক্লান্তি, মুড সুইং, মানসিক দূরত্ব…

এই সময়টাতে অনেক মানুষ বদলে যায়।কেউ দায়িত্ব এড়িয়ে যায়,কেউ পার্টনারের অনুভূতিকে ছোট করে,কেউ আবার বাইরে সবার সাথে ভালো ব্যবহার করলেও ঘরে এসে সবচেয়ে আপন মানুষটার উপর রাগ ঝাড়ে।

এখানেই সম্পর্ক ভাঙতে শুরু করে।

কারণ মানুষ শুধু ভালবাসা চায় না,সে নিরাপদ একটা জায়গা চায়।যেখানে তার দুর্বল মুহূর্ত নিয়েও তাকে অপমান করা হবে না।

ধরো,স্বামী চাকরি হারিয়েছে।সে আগের মতো খরচ চালাতে পারছে না। এই সময় স্ত্রী যদি প্রতিদিন খোঁটা দেয়,

তুমি কোনো দায়িত্ব নিতে পারো না,তাহলে মানুষটা শুধু অর্থনৈতিকভাবে না, মানসিকভাবেও ভেঙে পড়ে।কিন্ত যদি সে বলে,সময় খারাপ যাচ্ছে, কিন্তু আমরা একসাথে আছি তাহলে সেই কথাটাই একজন মানুষের বাঁচার শক্তি হয়ে যায়।

আবার অনেক স্ত্রী দিনের পর দিন সংসার, সন্তান, নিজের মানসিক চাপ সামলে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু তার খুব ক্লান্ত কথাটাকে অনেকেই গুরুত্ব দেয় না।বরং বলে,তুমি সারাদিন করোই বা কি?

এই একটা বাক্য বছরের পর বছর জমে থাকা ভালবাসাকেও মেরে ফেলতে পারে।

লং টার্ম রিলেশনশিপ  টিকে থাকে তখনই,যখন দুজন মানুষ একে অপরের অদৃশ্য কষ্টগুলোও দেখতে শেখে।

সবচেয়ে শক্তিশালী সম্পর্ক সেইটা না,যেখানে কখনো ঝগড়া হয় না।বরং সেইটা, যেখানে ঝগড়ার পরও কেউ কাউকে অসম্মান করে ছেড়ে যায় না।

কারণ দিন শেষে মানুষ পারফেক্ট পার্টনার খোঁজে না। সে এমন একজন মানুষ খোঁজে,যার কাছে নিজের দুর্বল দিকগুলো দেখিয়েও ছোট 

হতে হয় না।

ভালবাসা শুধু মিস করছি না।ভালবাসা হলো,তোমার খারাপ মুড-এর পিছনের কারণ বোঝার চেষ্টা, তোমার দায়িত্বে কাঁধ দেয়া, তোমার সম্মান রক্ষা করা, আর পুরো পৃথিবী বিপক্ষে গেলেও তোমার পাশে দাঁড়িয়ে বলা—

তুমি একা না, আমরা একসাথে আছি।

    

ভালবাসায় সেল্ফ রেস্পেক্ট  কোনো বিলাসিতা না, এটা মানুষের নিজের অস্তিত্ব।

কারণ যে সম্পর্ক তোমার আত্মসম্মান ধীরে ধীরে মেরে ফেলে,সেখানে শুধু সম্পর্ক বেঁচে থাকে, মানুষটা ভিতর থেকে শেষ হয়ে যায়।

অনেকেই মনে করে,

ভালবাসা মানে সব সহ্য করা। অপমান সহ্য করা, অবহেলা সহ্য করা, বারবার ছোট হওয়া, নিজের অনুভূতি চেপে রাখা… 

শুধু মানুষটাকে হারানোর ভয় থেকে।

কিন্তু বাস্তবতা হলো,

যেখানে আত্নসম্মান নেই, সেখানে একসময় ভালবাসাও থাকে না। থাকে শুধু মানসিক ক্লান্তি আর অভ্যাস।

ধরো,একজন স্ত্রী প্রতিদিন সবার সামনে অপমানিত হচ্ছে।তার কথা গুরুত্ব পায় না,তার কষ্টকে ড্রামা বলা হয়।সে চুপ থাকে শুধু সংসার বাঁচানোর জন্য।

বাইরে থেকে মানুষ বলবে কী ধৈর্যশীল নারী!

কিন্তু ভিতরে ভিতরে সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে।

আবার এমনও হয়,একজন স্বামী বছরের পর বছর শুধু দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু তাকে কখনো সম্মান দেয়া হয় না। তার ক্লান্তি, ভয়,মানসিক চাপ কেউ বুঝতে চায় না।তাকে শুধু টাকা আনার মেশিন ভাবা হয়।

এই সম্পর্কগুলো বাইরে থেকে টিকে থাকলেও, ভেতরে ভেতরে মৃত 

হয়ে যায়।

সেল্ফ রেস্পেক্ট মানে ইগো না।সেল্ফ রেসপক্ট মানে,আমি তোমাকে ভালবাসি, কিন্তু নিজেকে অপমানিত করে না।

অনেক মানুষ টক্সিক আচরণকেও ভালবাসা ভাবে। অতিরিক্ত নিয়ন্ত্রণ, ফোন চেক করা, সব সিদ্ধান্ত চাপিয়ে দেয়া,বন্ধু বা পরিবার থেকে আলাদা করে ফেলা, এসবকে

কেয়ার বলা হয়।

কিন্তু সত্যিকারের ভালবাসা মানুষকে ছোট করে না, শ্বাস নিতে দেয়।

পজিটিভ দিক হলো,

যেখানে সেল্ফ রেসপেক্ট  থাকে,সেখানে সম্পর্কের ভিত মজবুত হয়।দুজন মানুষ একে অপরকে ভয় না পেয়ে সম্মান করে।কথা বলতে পারে,নিজের কষ্ট প্রকাশ করতে পারে,ভুল হলে ক্ষমাও চাইতে পারে।

কারণ সম্মান থাকলে সম্পর্কের ভিতরে নিরাপত্তা তৈরি হয়।

নেগেটিভ দিক,

যখন কেউ নিজের সেলফ রেস্পেক্ট ভুলে যায়,তখন ধীরে ধীরে সে ইমোশনাল ডিপেন্ডেন্সি তে আটকে যায়। নিজের ভালো-মন্দের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে।একসময় সে এমন অবস্থায় পৌঁছে যায়।যেখানে কষ্ট পেলেও সম্পর্ক ছাড়তে ভয় লাগে।

সবচেয়ে ভয়ংকর প্রভাব পড়ে সন্তানের উপর।

কারণ সন্তান শুধু কথা শুনে না, 

সে সম্পর্ক দেখে শিখে।

যে ছেলে ছোটবেলা থেকে দেখে,তার বাবা মাকে অসম্মান করছে,সে বড় হয়ে হয়তো একই আচরণকে স্বাভাবিক ভাববে।

যে মেয়ে দেখে,তার মা সবসময় চুপ করে অপমান সহ্য করছে, সে বড় হয়ে ভাবতে পারে,ভালবাসা মানেই সহ্য করা।

আবার যদি সন্তান দেখে বাবা-মা ঝগড়া করলেও একে অপরকে অসম্মান করছে না, কষ্টের সময় পাশে দাঁড়াচ্ছে, তাহলে সে শিখবে।সম্পর্ক মানে সম্মান, নিরাপত্তা আর বোঝাপড়া।

দিন শেষে, ভালবাসায় সেল্ফ রেস্পেক্ট জরুরি শুধু সম্পর্কের জন্য না, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য।কারণ যে মানুষ নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে, সে একসময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারে না।

আর সত্যিকারের ভালবাসা কখনো তোমার আলো নিভিয়ে দিয়ে বাঁচতে চায় না।সে চায়, তুমি নিজের মতো থেকেও তার পাশে শান্তিতে বাঁচো।


একতরফা ভালবাসা মানুষকে একদিনে ভাঙে না।ধীরে ধীরে ভাঙে।

প্রথমে আপনি নিজেকে বোঝান,সে হয়তো বদলে যাবে…তারপর নিজের কষ্ট লুকান, নিজের চাওয়া কমান, নিজের আত্মসম্মান চুপ করিয়ে রাখেন… 

শুধু সম্পর্কটা বাঁচানোর জন্য।

কিন্তু একটা সময় আসে, যখন বুঝতে পাররেন,

আপনি সম্পর্ক বাঁচাচ্ছেন, আর সে শুধু আপনাকে নিয়ন্ত্রণ করছে।

একজন টক্সিক পার্টনার কখনো সরাসরি শুরুতে নিজেকে টক্সিক দেখায় না। সে প্রথমে আপনাকে খুব প্রয়োজনীয় অনুভব করায়। তারপর ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, নিজের মানুষদের সাথে সম্পর্ক।সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

* আপনার কষ্টকে অতিরিক্ত ইমোশনাল বলে উড়িয়ে দেয়।

* নিজের ভুলের জন্য আপনাকেই গিলটি ফিল করায়।

* সবার সামনে ছোট করে, পরে বলে মজা করেছি।

* আপনার বাউন্ডারিরজ মানতে চায় না

* আপনি কাঁদলেও তার ইগো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়।

* আপনাকে হারানোর ভয় না দেখিয়ে, একা হয়ে যাওয়ার ভয় দেখায়

এগুলো ভালবাসা না। এগুলো ইমোশনাল কন্ট্রোল। 

নারসিসিস্ট মানুষদের একটা ভয়ংকর দিক হলো,তারা আপনার ভালবাসাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে।

আপনি যত বেশি ক্ষমা করেন, সে তত বেশি নিশ্চিত হয়,আপনি কখনো ছাড়বেন না।

আপনি যাকে সুযোগ দিলেন, সে আপনার সহানুভূতিকে দুর্বলতা ভেবে আরও শক্তিশালী হয়ে উঠল।

আর আপনি? প্রতিদিন একটু একটু করে নিজের অস্তিত্ব হারাতে থাকলেন।

কখন ছেড়ে আসবেন জানেন?

যখন দেখবেন,আপনি বারবার কথা বলছেন, বোঝাচ্ছেন, কাঁদছেন, চেষ্টা করছেন… 

কিন্তু সম্পর্কটা বাঁচানোর দায়িত্ব শুধু আপনার কাঁধে।

যখন আপনার সম্মান আর নিরাপত্তা দুটোই হারিয়ে যাচ্ছে।

যখন আপনি তার পাশে থেকেও নিজেকে একা অনুভব করেন।

যখন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়,এই মানুষটা আমি না।

তখন বুঝবেন, এটা ভালবাসা না, এটা একতরফা যুদ্ধ।

অনেকেই ভাবে,এত বছর সম্পর্ক ছিল, এখন কীভাবে ছেড়ে যাব?

কিন্তু সময়ই সাহস দেয় না। সময় শুধু দেখিয়ে দেয়,

আপনি কতদিন ধরে নিজেকে হারাচ্ছেন।

রুখে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিজের।

কারণ কিছু সম্পর্ক ধরে রাখলে মানুষ বাঁচে না, শুধু সম্পর্কের নামটা বেঁচে থাকে।

আর মনে রাখবেন,

যে মানুষ সত্যি ভালবাসে, সে আপনাকে ভাঙিয়ে নিজের শান্তি খুঁজবে না। সে আপনার সম্মান রক্ষা করবে, আপনার ভয় বাড়াবে না।

তাই যখন বুঝবেন,

আপনার সব চেষ্টা ব্যর্থ, আপনার ভালবাসা একা পড়ে গেছে, আর মানুষটা বদলানোর চেয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতেই বেশি আগ্রহী…

তখন ইতি টানাটা দুর্বলতা না। ওটাই নিজের অস্তিত্ব বাঁচানোর সবচেয়ে সাহসী সিদ্ধান্ত।

ভালবাসা বয়সের সাথে বদলায় এটা অস্বীকার করার কিছু নেই।

যে মানুষটা ২০ বছরে ভালবাসতো আবেগ দিয়ে, সে ৪০ বছরে ভালবাসে দায়িত্ব, নিরাপত্তা আর শান্তি দিয়ে। তখন সারারাত কথা বলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়,খেয়েছ?,ওষুধ খেয়ো ক্লান্ত লাগছে? 

এই ছোট ছোট যত্নগুলো।

আর ঘুরে ফিরে শেষ পর্যন্ত একটা জায়গাতেই এসে দাঁড়ায় সব "সম্মান"।

কারণ সম্পর্কের ভিত যদি সম্মান দিয়ে তৈরি হয়, তাহলে বয়স কেবল সংখ্যা মাত্র।কিন্তু সম্মান না থাকলে,সবচেয়ে গভীর ভালবাসাও একসময় ক্লান্ত হয়ে যায়।

অল্প বয়সে বিয়ে হওয়া অনেক সম্পর্কের শুরুটা খুব আবেগ দিয়ে হয়।স্বপ্ন বেশি থাকে,বাস্তবতা কম বোঝা হয়। একসাথে বড় হওয়ার একটা সৌন্দর্য আছে এখানে। দুজন মানুষ একে অপরের স্ট্রাগল, ফেইলিও, গ্রোথ সব কাছ থেকে দেখে।

কিন্তু সমস্যা হয় তখন, যখন ম্যাচিউরিটি  একসাথে গ্রো করে না।

একজন দায়িত্ব বুঝে বদলে যায়, আরেকজন এখনও শুধু স্বাধীনতা খোঁজে। তখন সম্পর্কের ভিতরে দূরত্ব তৈরি হয়।

আবার সমবয়সি দাম্পত্যে বন্ধুত্বটা অনেক স্ট্রং হয়। একই জেনারেশন হওয়ায় চিন্তাভাবনা, হিউমার , লাইফস্টাইল কাছাকাছি থাকে। একে অপরকে বুঝতে সুবিধা হয়।

কিন্তু এখানেও ইগো ক্ল্যাশ অনেক বেশি দেখা যায়।

কারণ দুজনই সমানভাবে নিজের মতকে প্রাধান্য দিতে চায়। কেউ ছাড় দিতে চায় না। তখন সম্পর্কটা “আমরা” থেকে “আমি”তে চলে যায়।

অন্যদিকে বয়সের বড় গ্যাপ  থাকা সম্পর্কগুলোতে শুরুতে ম্যাচিউরিটি আর স্টাবিলিটি অনেক সময় আকর্ষণ তৈরি করে।

একজন ইমোশনালি শান্ত আরেকজন এনার্জেটিক

এই ব্যালেন্স  সুন্দরও হতে পারে।

কিন্তু সমস্যা হয় তখন, যখন বয়সকে অথরিটি বানিয়ে ফেলা হয়।

“আমি বেশি বুঝি” “তুমি ছোট, তাই তোমার অনুভূতি ইমম্যাচিউর 

এই ধরনের আচরণ ধীরে ধীরে সম্পর্কের ভিতরের সম্মান নষ্ট করে দেয়।

কারণ বয়স বেশি হলেই ইমোশনাল ইন্টেলিজেন্স  বেশি হবে। এমন কোনো নিশ্চয়তা নেই।

বাস্তবতা হলো, বয়সের সাথে শুধু চেহারা বদলায় না, মানুষের চাহিদা, প্রায়োরিটি , অনুভূতির ভাষাও বদলায়।

যে মানুষ একসময় সারপ্রাইজ গিফট এ খুশি হতো, সে পরে ইমোশনাল স্পেস খোঁজে।

যে মানুষ একসময় পজিসিভনেস কে ভালবাসা ভাবতো, সে পরে পার্সোনাল স্পেস এর মূল্য বুঝে।

অনেক দাম্পত্যে দেখা যায়।ভালবাসা পুরোপুরি শেষ হয়নি, কিন্তু কানেকশন বদলে গেছে।

আগের মতো এক্সাইটমেন্ট  নেই, কিন্তু গভীর দায়িত্ববোধ আছে।

আবার কোথাও কোথাও এক ছাদের নিচে থেকেও মানুষ ইমোশনালি আলাদা হয়ে যায়।

কারণ তারা একে অপরের পরিবর্তনকে একসেপ্ট করতে শেখেনি।

এটাই লং টার্ম রিলেশনশীপ এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ

মানুষটার নতুন ভারশন কেও ভালবাসতে পারা।

পজিটিভ দিক হলো, সময় যদি সম্পর্ককে ম্যাচুরিটি  শেখায়, তাহলে ভালবাসা আরও গভীর হয়।

দুজন মানুষ একে অপরের দুর্বলতা জেনেও পাশে থাকে। তখন সম্পর্ক শুধু রোমান্টিক না, নিরাপদও লাগে।

নেগেটিভ দিক হলো, যদি একজন বদলায় আর আরেকজন বুঝতে না চায়, তাহলে ভুল বোঝাবুঝি বাড়ে।

একজন ইমোশনাল সাপোর্ট চায়, আরেকজন ভাবে 

"এত সেনসিটিভ  কেন?"


একজন শান্তি চায়, আরেকজন এখনও কন্ট্রোল  করতে চায়।

তখন ভালবাসা থাকলেও সম্পর্ক ক্লান্ত হয়ে পড়ে।

দিন শেষে, বয়স না, একজন মানুষ আরেকজনকে কতটা সম্মান দিতে পারছে, সেটাই আসল।

কারণ সত্যিকারের ভালবাসা শুধু তরুণ বয়সের আবেগে টিকে না। এটা টিকে থাকে,

পরিবর্তন মেনে নেয়ায়, কঠিন সময়েও পাশে দাঁড়ানোয়, আর প্রতিদিন নতুন করে মানুষটাকে বুঝতে চাওয়ায়।


লেখাঃ ইশরাত জাহান ইনা 

sidebar ad