পাকস্থলীর ক্যানসারকে গ্যাস্ট্রিক ভেবে অবহেলা করছেন না তো?

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেটে ব্যথা, বুকজ্বালা, ঢেকুর, বমিভাব কিংবা খাওয়ার পর পেট ভার হয়ে থাকা—এ ধরনের সমস্যাকে আমরা অনেকেই সাধারণ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা বলে ধরে নিই। ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পেলেই নিশ্চিন্ত হয়ে যাই। কিন্তু কখনো কখনো পরিচিত এসব উপসর্গের আড়ালে লুকিয়ে থাকতে পারে আরও গুরুতর অসুখ, এমনকি পাকস্থলীর ক্যানসারও।


পাকস্থলীর ক্যানসার বা স্টমাক ক্যানসার এমন একটি রোগ, যার প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ বদহজমের মতো মনে হয়। ফলে রোগী বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন অবহেলা করতে পারেন। আর এই অবহেলার কারণে রোগ শনাক্ত হতে দেরি হতে পারে।



সাধারণ গ্যাস্ট্রিক নাকি ক্যানসারের লক্ষণ?


পাকস্থলীর ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেকের কোনো স্পষ্ট উপসর্গ থাকে না। আবার কারও কারও ক্ষেত্রে দেখা দিতে পার


- পেটের ওপরের অংশে অস্বস্তি বা ব্যথা।

- বারবার বদহজম ও বুকজ্বালা।

- অল্প খাবার খেলেই পেট ভরে যাওয়া।

- বমিভাব বা বমি হওয়া।

- ক্ষুধা কমে যাওয়া।

- খাবার গিলতে অসুবিধা।

- অকারণে ওজন কমে যাওয়া।


এসব উপসর্গের অর্থ এই নয় যে আপনার পাকস্থলীতে ক্যানসার হয়েছে। সাধারণ গ্যাস্ট্রিক, আলসারসহ বিভিন্ন সমস্যাতেও এগুলো দেখা যায়। তবে উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা ক্রমে বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


যেসব লক্ষণে সতর্ক হবেন


কিছু লক্ষণ রয়েছে, যেগুলোকে সাধারণ গ্যাস্ট্রিক ভেবে দীর্ঘদিন অবহেলা করা ঠিক নয়।



১. অল্প খেয়েই পেট ভরে যাওয়া: আগে যতটা খাবার খেতেন, এখন তার অর্ধেক খেলেই পেট ভরে যাচ্ছে।



২. অকারণে ওজন কমা: খাদ্যাভ্যাস বা ব্যায়ামে পরিবর্তন না এনেও ওজন কমে যাচ্ছে।



৩. দীর্ঘদিন পেটের ওপরের অংশে ব্যথা: বিশেষ করে পেটের ওপরের দিকে নিয়মিত ব্যথা বা অস্বস্তি হচ্ছে।



৪. ক্ষুধামন্দা ও বমিভাব: খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া, বারবার বমি বমি ভাব কিংবা বমি হওয়া।



৫. গিলতে অসুবিধা: খাবার বা পানি গিলতে সমস্যা হওয়া।



৬. কালো পায়খানা বা রক্তবমি: পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের ইঙ্গিত হতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।



৮. অতিরিক্ত দুর্বলতা: রক্তস্বল্পতার কারণে ক্লান্তি, দুর্বলতা ও কর্মক্ষমতা কমে যেতে পারে।



কাদের ঝুঁকি বেশি?


পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে কয়েকটি বিষয়। যেমন—


- হেলিকোব্যাক্টর পাইলোরি (H. pylori) ব্যাকটেরিয়ার সংক্রমণ।


- দীর্ঘদিনের পাকস্থলীর প্রদাহ।


- পরিবারের নিকটাত্মীয়ের পাকস্থলীর ক্যানসারের ইতিহাস।


- ধূমপান।


- অতিরিক্ত লবণযুক্ত, ধূমায়িত ও সংরক্ষিত খাবার খাওয়ার অভ্যাস।


- বয়স বৃদ্ধি।



কীভাবে নিশ্চিত হবেন?


শুধু উপসর্গ দেখে পাকস্থলীর ক্যানসার শনাক্ত করা সম্ভব নয়। চিকিৎসক প্রয়োজন অনুযায়ী কিছু পরীক্ষা করতে পারেন। এর মধ্যে রয়েছে—

- এন্ডোস্কোপি: সরু ক্যামেরাযুক্ত নল দিয়ে পাকস্থলীর ভেতরের অবস্থা দেখা হয়।

- বায়োপসি: সন্দেহজনক স্থান থেকে টিস্যু নিয়ে পরীক্ষার মাধ্যমে ক্যানসার কোষ আছে কি না নিশ্চিত করা হয়।

- রক্ত পরীক্ষা: রক্তস্বল্পতাসহ অন্যান্য সমস্যা শনাক্ত করতে সহায়তা করে।

- সিটি স্ক্যান: ক্যানসার শনাক্ত হলে এর বিস্তার সম্পর্কে ধারণা পেতে করা হতে পারে।

পাকস্থলীর ক্যানসার নিশ্চিত করার ক্ষেত্রে এন্ডোস্কোপির মাধ্যমে বায়োপসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


প্রতিরোধে জীবনযাপনে আনুন পরিবর্তন


পাকস্থলীর ক্যানসারের সব ঝুঁকি এড়ানো সম্ভব নয়। তবে কিছু অভ্যাস ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

- ধূমপান ও তামাকজাতীয় পণ্য পরিহার করুন।

- অতিরিক্ত লবণযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার কম খান।

- প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি ও ফল রাখুন।

- স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।

- দীর্ঘদিনের পেটের সমস্যা নিজে নিজে ওষুধ খেয়ে চাপা দেবেন না।



পেটে গ্যাস বা অ্যাসিডিটি হলেই তা ক্যানসারের লক্ষণ নয়। তবে দীর্ঘদিনের বদহজম, অকারণে ওজন কমে যাওয়া, অল্প খেয়েই পেট ভরে যাওয়া কিংবা বারবার বমির মতো উপসর্গকে অবহেলা করবেন না। সময়মতো চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



তথ্যসূত্র: ন্যাশনাল ক্যানসার ইনস্টিউট

sidebar ad