খাবারের পুষ্টিগুণ ঠিক রাখতে যেভাবে রান্না করবেন


ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুষ্টিবিদ রোকসানা তনু 


রান্না আমাদের প্রতিদিনের জীবনেরই একটি অংশ। প্রতিদিন কী খাবার রান্না হবে, কীভাবে রান্না হবে কিংবা কোন পদ্ধতিতে রান্না করলে ভালো হবে এসব বিষয় আমরা খাবারের মেনু ঠিক করার সময়ই ভেবে থাকি। বয়স ও শারীরিক চাহিদা অনুযায়ী খাবার এবং রান্নার ধরনেও পরিবর্তন আসে।


তবে রান্না শুধু খাবারের স্বাদ বাড়ানোর বিষয় নয়। এর সঙ্গে খাবারের পুষ্টিগুণও জড়িত।  রান্নার সময় আমাদের কিছু পরিচিত অভ্যাসের কারণে খাবারের ভিটামিন, খনিজসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান কমে যায়। অথচ একটু সচেতন হলেই পুষ্টিগুণের এই ব্যয় অনেকটাই কমানো সম্ভব। তাই আজকের আলোচনায় থাকছে রান্নার পদ্ধতি, পুষ্টিগুণের ওপর এর প্রভাব এবং প্রতিদিনের রান্নায় কী কী পরিবর্তন আনা যেতে পারে।


আমরা মনে করি খাবারের পুষ্টিগুণ শুধু উপাদানের ওপর নির্ভর করে।  তবে এর সাথে আরো কিছু বিষয় বিবেচনা করতে হয়। যেমন :  কীভাবে, কতক্ষণ এবং কত তাপমাত্রায় রান্না করা হচ্ছে ইত্যাদি। একই সবজি বা খাবার সেদ্ধ, ভাপে, ভাজি, ডিপ ফ্রাই কিংবা মাইক্রোওয়েভে রান্না করলে পুষ্টি উপাদানের পরিমাণ ও প্রাপ্যতা ভিন্ন হতে পারে।  রান্না করলেই খাবারের সব পুষ্টি নষ্ট হয়ে যায় না। কিছু পুষ্টি কমে, কিছু অপরিবর্তিত থাকে, আবার কিছু পুষ্টি শরীরের জন্য বেশি সহজলভ্য হয়।


সহজ করে বুঝিয়ে বলি। 


সিদ্ধ: সিদ্ধ করলে ভিটামিন সি, বি কমপ্লেক্স  ও ফোলেটের মতো পানিতে দ্রবণীয় ভিটামিন পানিতে চলে যেতে পারে। সেই পানি ফেলে দিলে পুষ্টি গুনাগুন কমে যায়। 


ভাপে রান্না : ভিটামিন সি, ফোলেট ও অন্যান্য পানিতে দ্রবণীয় উপাদান তুলনামূলক ভালো থাকে।


ভাজি: অল্প তেল ও কম সময়ে রান্না করলে পুষ্টি ধরে রাখা সম্ভব। তবে দীর্ঘক্ষণ বা অতিরিক্ত তাপে কিছু ভিটামিন কমে যেতে পারে। 


ডিপ ফ্রাই: খাবারের ক্যালরি ও ফ্যাট বেড়ে যায়। উচ্চ তাপে কিছু ভিটামিন নষ্ট  হতে পারে।


মাইক্রোওয়েভ: অল্প পানি ও কম সময়ে রান্না করলে অনেক ক্ষেত্রে  ভিটামিন-সি এর মতো পুষ্টি ভালোভাবে ধরে রাখা যায়।


প্রেশার কুকিং:  রান্নার সময় কম লাগে। তাই কিছু পুষ্টি থাকে।  তবে সময়, পানি ও খাবারের ধরন অনুযায়ী নির্ভর করে। 



একই খাবার রান্নার পদ্ধতি বদলালে কী পরিবর্তন হয়?


একই খাবার, রান্নার পদ্ধতি বদলালে পুষ্টিগুণেও পরিবর্তন হয়।সহজ কিছু উদাহরণ দিচ্ছি৷ 


উদাহরণ ১: পালংশাক 

বেশি পানিতে দীর্ঘক্ষণ সেদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিন সি ও ফোলেট এর পরিমাণ কমে যেতে পারে। অন্যদিকে, ভাপে রান্না করলে এসব পুষ্টি উপাদান তুলনামূলক ভালোভাবে সংরক্ষিত থাকে।


উদাহরণ ২: গাজর 

গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, যা শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। রান্নার ফলে গাজরের কোষীয় গঠন নরম হয় এবং বিটা-ক্যারোটিনের শোষণযোগ্যতা বাড়তে পারে। সামান্য তেল দিয়ে রান্না করলে এর শোষণে সহায়তা হয়।


উদাহরণ ৩: টমেটো 

কাঁচা টমেটোতে ভিটামিন সি ও লাইকোপেন থাকে। রান্নার ফলে কিছু ভিটামিন সি কমে যেতে পারে। তবে তাপ প্রয়োগের ফলে লাইকোপেনের  Bioavailability (শরীরে শোষণযোগ্যতা) বাড়তে পারে। সামান্য তেল ব্যবহার করলে লাইকোপেনের শোষণে আরও সহায়তা হতে পারে।


উদাহরণ ৪: ভাত 

মাড় ঝরিয়ে রান্না অর্থাৎ বেশি পানিতে ভাত রান্না করে মাড় ফেলে দিলে পানিতে দ্রবণীয় ভিটামিন বি২, বি৩ ও কিছু খনিজ উপাদানের ঘাটতি হয়। অপরদিকে,  মাড়সহ রান্না বা পরিমিত পানিতে (বসাভাত) ভাত রান্না করলে মাড়ের সঙ্গে বের হওয়া পুষ্টি ভাতেই থেকে যায়। পুষ্টির অপচয় তুলনামূলক কম হয়।

প্রেশার কুকারে কম সময়ে রান্না করা যায়। সঠিক পরিমাণ পানি ব্যবহার করলে পুষ্টির অপচয় কম হতে পারে।

অন্যদিকে, রান্না করা ভাত দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখলে ( কুলিং মেথড) কিছু স্টার্চ রেজিস্টান্ট স্টার্চে রূপান্তরিত হয়, যা রক্তে গ্লুকোজের প্রতিক্রিয়া কিছুটা কমাতে সাহায্য করতে পারে।


এবার আসি পুষ্টিগুণ ধরে রাখতে কী  করণীয় - 


সবজি অতিরিক্ত ছোট করে কাটবেন না। সবজি কাটবেন বড় বড় পিস করে। সবজি কাটার পর ধুলে পানির সাথে বেরিয়ে যাবে অনেক পুষ্টি গুনাগুন। তাই এগুলো ভালোভাবে ধুয়ে তারপর কাটুন।


সব সবজির খোসা ফেলবেন না। যেগুলো খোসাসহ খাওয়া যায় সেগুলো খোসাসহই রাখবেন। যেমন, আলুর খোসায় রয়েছে ভিটামিন বি, সি, পটাশিয়াম, আয়রন ও জিংক। চিচিঙ্গা, পটোল, গাঁজর এগুলোর খোসা একদম ফেলে না দিয়ে হালকা করে চেঁছে রান্না করা যায়। কিছু শাকসবজি যেমন ধনেপাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, গাজর, মুলা, শসা ইত্যাদি কাঁচা খাওয়া ভালো। রান্নায় এগুলোর পুষ্টিগুণ কমে যায়। । 


অতিরিক্ত পানি ব্যবহার করবেন  না। সবজি রান্নায় বেশি পানি ব্যবহার করলে পানিতে দ্রবণীয় অনেক ভিটামিন পানির সাথে বেরিয়ে যায়।  কম পানি ব্যবহার করা এবং রান্নার পর বেঁচে যাওয়া পানি স্যুপ বা ঝোলের সাথে নিয়ে নেয়া উচিত৷ 


কোন খাদ্যই বেশি সময় নিয়ে রান্না করা উচিত নয়। বেশি সেদ্ধ হলে পুষ্টিমানও বেশি নষ্ট হয়। তাই শাকসবজি, মাছ, মাংস বা ডিম রান্না করার সময় কম পানিতে দ্রুত রান্না শেষ করুন।


রান্নার সময় পাত্রে ঢাকনা ব্যবহার করুন, এতে দ্রুত রান্না হয় এবং ভিটামিন বা পুষ্টি উপাদান বাতাসে উড়ে নষ্ট হয় না। সম্ভব হলে Steaming (ভাপানো) পদ্ধতি অনুসরণ করবেন।  ভাপিয়ে রান্না করলে খাবারের রঙ, স্বাদ এবং পুষ্টি উপাদান (বিশেষ করে ভিটামিন ও খনিজ) সবচেয়ে বেশি বজায় থাকে। 


দীর্ঘক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না। পানিতে দ্রবণীয় ভিটামিন (যেমন- ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C) বেশি সময় পানিতে ভিজে থাকলে নষ্ট বা ধুয়ে যায়।


অতিরিক্ত তাপ ও দীর্ঘক্ষণ রান্না এড়িয়ে চলবেন। উচ্চ তাপে বা অনেক সময় ধরে রান্না করলে খাবারের ভেতরের সংবেদনশীল পুষ্টিগুণ ও এনজাইম ভেঙে যায়।


বারবার একই তেল গরম করে ব্যবহার করবেন না। ব্যবহৃত তেল বারবার গরম করলে তাতে ক্ষতিকারক 'ট্রান্স ফ্যাট' এবং ফ্রি র‍্যাডিকেল তৈরি হয়, যা হৃদরোগ এবং ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।


আমাদের দেশে রান্নায় তেল, লবণ ও মসলার ব্যবহার তুলনামূলক বেশি। অতিরিক্ত তেল-মসলা খাবারের স্বাদ বাড়ালেও শরীরের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে? 


বাংলাদেশে রান্নায় তেল, লবণ ও মসলার ব্যবহার অনেক পরিবারেই অনেক বেশি৷ অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত  কোনো কিছুই ভালো নয়৷ ব্যবহার করতে হবে সব সঠিক পরিমাণে। 


অতিরিক্ত তেল দৈনিক ক্যালরি গ্রহণের মাত্রা বাড়িয়ে দেয়। যা ওজন ও শরীরের চর্বি বাড়তে পারে। অতিরিক্ত স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট রক্তের এলডিএল কোলেস্টেরল বাড়াতে পারে। হৃদরোগ  ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই পরিমিত তেল ব্যবহার করতে হবে। তেল বারবার গরম করে ব্যবহার করবেন না।


তেমনি অতিরিক্ত লবণ  উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত সোডিয়াম কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। লবণের ক্ষেত্রে WHO-এর সুপারিশ অনুযায়ী ৫ গ্রাম হলো সারাদিনের মোট লবণ। তাই  রান্নায় লবণ কম দিন এবং খাবারের সঙ্গে বাড়তি কাঁচা লবণ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন।


মসলার ক্ষেত্রে যেমন হলুদ, আদা, রসুন, জিরা, ধনিয়া ও মরিচ স্বাভাবিক পরিমাণে খাবারে ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার কিছু  ক্ষেত্রে অ্যাসিডিটি ও বুকজ্বালা বাড়াতে পারে।

গ্যাস্ট্রিকের অস্বস্তি ও বদহজমের সমস্যা বাড়াতে পারে। অতিরিক্ত ঝাল, মসলার পেস্ট, সস ও লবণযুক্ত মসলা মিশ্রণ এড়িয়ে চলুন।


রান্না শুধু পেট ভরানোর মাধ্যম নয়। এটি একটি শিল্প। ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই রান্নায় হওয়া উচিত বিজ্ঞানসম্মত এবং যত্নশীল। দীর্ঘমেয়াদি সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি রান্নার সঠিক পদ্ধতি অনুসরণ করাও জরুরি। 


লেখক: নিউট্রিশন ও ডায়েট কনসালটেন্ট

বিএসসি, এমএস ( খাদ্য ও পুষ্টি বিজ্ঞান  - বাংলাদেশ হোম ইকোনমিক্স কলেজ, ঢাবি)

মেডিকেল নিউট্রিশন থেরাপি - ভারত।

sidebar ad