আপনি কি অনলাইনে শাড়ি বিক্রি করেন? ক্রেতাদের যেসব তথ্য দেবেন


ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনলাইনে শাড়ি কেনার অভ্যাস অনেকেরই আছে। দোকানে গিয়ে কাপড় ছুঁয়ে দেখা বা আলোতে রং মিলিয়ে নেওয়ার সুযোগ না থাকলেও ছবি ও বর্ণনা দেখেই পছন্দের শাড়ি অর্ডার করছেন ক্রেতারা। কিন্তু অনলাইনে শাড়ি কেনার সময় কিছু প্রশ্ন প্রায় সবার মনেই থাকে—কাপড়টা আসলে কী, রং কি ছবির মতোই হবে, শাড়ির দৈর্ঘ্য কত, কাপড়টি ভারী নাকি হালকা, ধোয়ার পর কেমন থাকবে কিংবা দাম এত বেশি কেন? এসব প্রশ্নের উত্তর যদি পণ্যের বিবরণের মধ্যেই পরিষ্কারভাবে দেওয়া থাকে, তাহলে ক্রেতার দ্বিধা অনেকটাই কমে যায়। একই সঙ্গে তৈরি হয় বিক্রেতার প্রতি আস্থা। তাই অনলাইনে শাড়ি বিক্রির ক্ষেত্রে শুধু সুন্দর ছবি দিলেই হবে না; শাড়ি সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও দিতে হবে বিস্তারিতভাবে। এতে ক্রেতা যেমন সচেতনভাবে কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারবেন, তেমনি বিক্রেতার ব্যবসার বিশ্বাসযোগ্যতাও বাড়বে। চলুন জেনে নেওয়া যাক, একজন শাড়ি বিক্রেতার ক্রেতাকে কোন কোন তথ্য জানানো উচিত।


১. শাড়িটি কোন কাপড়ের, তা স্পষ্ট করে বলুন


শাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি হলো কাপড়ের ধরন। শাড়িটি সুতি, জামদানি, সিল্ক, তাঁত, লিনেন, মসলিন, অ্যান্ডি, হাফ সিল্ক, জর্জেট নাকি অন্য কোনো কাপড়—সেটি পরিষ্কারভাবে উল্লেখ করুন। শুধু কাপড়ের নাম লিখলেই হবে না। কাপড়টি কেমন—পাতলা, মোটা, নরম, স্বচ্ছ, ভারী নাকি আরামদায়ক—সেটিও জানাতে পারেন। শাড়িতে মিশ্র কাপড় ব্যবহার করা হলে সেটিও স্পষ্ট করুন।

যেমন, ‘১০০ শতাংশ সুতি’ বা ‘সিল্ক ও কটনের মিশ্রণ’—এ ধরনের তথ্য ক্রেতাকে শাড়িটির মান সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়।


২. নকশা, বুনন ও কাজের ধরন জানান


শাড়িটির নকশা কীভাবে তৈরি হয়েছে, সেটিও ক্রেতার কাছে গুরুত্বপূর্ণ। নকশাটি হাতে বোনা, হাতে আঁকা, মেশিনে করা নাকি ব্লক প্রিন্ট—তা উল্লেখ করুন। জরি, কাঁথা, এমব্রয়ডারি, হ্যান্ডপেইন্ট, কারচুপি বা অন্য কোনো কাজ থাকলে সেটিও জানান। বিশেষ কোনো অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত বা কারুশিল্পের সঙ্গে শাড়িটির সম্পর্ক থাকলে সেই তথ্যও তুলে ধরতে পারেন।

এতে ক্রেতা শুধু শাড়ির সৌন্দর্য নয়, এর পেছনের কারিগরি দক্ষতাটিও বুঝতে পারবেন।


৩. রং সম্পর্কে সঠিক তথ্য দিন


অনলাইনে শাড়ি কেনার ক্ষেত্রে রং নিয়ে ভুল বোঝাবুঝি হওয়া খুব স্বাভাবিক। আলো, ক্যামেরা এবং মোবাইলের স্ক্রিনের কারণে ছবিতে দেখা রং বাস্তবের তুলনায় কিছুটা আলাদা হতে পারে।

তাই শাড়ির মূল রং এবং অন্য কোনো রং ব্যবহার করা হলে সেটিও উল্লেখ করুন। যেমন—‘মেরুন জমিনে সোনালি পাড়’ কিংবা ‘প্যাস্টেল সবুজের সঙ্গে গোলাপি ফুলের নকশা’।

ছবির সঙ্গে রঙের সামান্য পার্থক্য হতে পারে—এমন সতর্কতাও আগে থেকে জানালে পরবর্তী সময়ে ক্রেতার হতাশা কমবে।


৪. শাড়ির মাপ ও ব্লাউজ পিসের তথ্য দিন


শাড়ির দৈর্ঘ্য ও প্রস্থ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করুন। সাধারণত শাড়ির দৈর্ঘ্য কত, ব্লাউজ পিস আছে কি না, থাকলে তার দৈর্ঘ্য কত—এসব তথ্য পণ্যের বিবরণে রাখা উচিত। শাড়ির সঙ্গে পেটিকোট বা অন্য কোনো উপকরণ দেওয়া হচ্ছে কি না, সেটিও জানিয়ে দিন।

বিশেষ করে যেসব শাড়ির দৈর্ঘ্য প্রচলিত মাপের চেয়ে কম বা বেশি, সেগুলোর ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট করা জরুরি। এতে ক্রেতা নিজের প্রয়োজন অনুযায়ী শাড়িটি বেছে নিতে পারবেন।


৫. শাড়িটি পরলে কেমন হবে, তা বোঝান


ছবিতে শাড়ি সুন্দর দেখালেও পরলে সেটি শরীরে কেমন বসবে—এটা ক্রেতার জন্য গুরুত্বপূর্ণ। তাই শাড়িটি হালকা নাকি ভারী, সহজে কুঁচি করা যায় কি না, শরীরে লেগে থাকে নাকি একটু শক্তভাবে পড়ে—এসব তথ্য দিতে পারেন।

সম্ভব হলে শাড়ি পরা অবস্থার ছবি বা ছোট ভিডিও দিন। এতে ক্রেতা শাড়িটির ফ্যাব্রিক, ঝুল ও ড্রেপিং সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।


৬. যত্ন ও ধোয়ার নিয়ম জানিয়ে দিন


প্রতিটি শাড়ির যত্নের নিয়ম এক নয়। কোনো শাড়ি হাতে ধুতে হয়, কোনোটি ড্রাই ক্লিন করা ভালো, আবার কোনো কাপড় দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখা উচিত নয়।

শাড়িটি কীভাবে ধুতে হবে, ইস্ত্রি করার সময় কী সতর্কতা নিতে হবে এবং কীভাবে সংরক্ষণ করলে রং ও কাপড় ভালো থাকবে—এসব তথ্য ক্রেতাকে আগে থেকেই জানান।

যেমন, ‘সরাসরি রোদে শুকাবেন না’ বা ‘ব্যবহারের পর সম্পূর্ণ শুকিয়ে ভাঁজ করে রাখুন’—এ ধরনের ছোট পরামর্শও ক্রেতার কাছে বেশ মূল্যবান।


৭. দাম কেন এমন, তার যুক্তি দিন


একই ধরনের দেখতে দুটি শাড়ির দামে অনেক পার্থক্য থাকতে পারে। এ নিয়ে ক্রেতার মনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। শাড়ির কাপড়, বুননের সময়, কারিগরের শ্রম, নকশার জটিলতা, হাতে করা কাজ, সুতা বা রঙের মান—যে বিষয়গুলো দাম নির্ধারণে ভূমিকা রাখে, সেগুলো সংক্ষেপে তুলে ধরুন।

বিশেষ করে তাঁত বা হাতে তৈরি শাড়ির ক্ষেত্রে একজন কারিগরের কতটা সময় ও শ্রম এতে যুক্ত হয়েছে, সেটি জানালে ক্রেতা দামের পেছনের মূল্যটি বুঝতে পারেন।


৮. কাস্টমাইজেশনের সুযোগ থাকলে জানান


অনেক ক্রেতা শাড়ির সঙ্গে নিজের পছন্দ অনুযায়ী ব্লাউজ পিস, পাড় বা রঙের পরিবর্তন চান। আপনার ব্যবসায় এমন কোনো সুযোগ থাকলে তা স্পষ্টভাবে জানিয়ে দিন।

অতিরিক্ত ব্লাউজ পিস, নির্দিষ্ট রঙের পছন্দ, ব্লাউজ তৈরির ব্যবস্থা কিংবা উপহার প্যাকেজ—কী কী সুবিধা দেওয়া যায়, তার তালিকা দিতে পারেন।

কাস্টমাইজ করতে কতদিন সময় লাগবে এবং অতিরিক্ত খরচ হবে কি না, সেটিও জানানো জরুরি।


৯. ডেলিভারি, প্যাকেজিং ও রিটার্ন নীতি পরিষ্কার করুন


অর্ডার করার পর কতদিনের মধ্যে শাড়ি হাতে পৌঁছাবে, কোন মাধ্যমে পাঠানো হবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত—এসব তথ্য আগেই জানিয়ে দিন।

শাড়ি হাতে পাওয়ার পর পছন্দ না হলে ফেরত দেওয়া বা পরিবর্তনের সুযোগ আছে কি না, থাকলে কতদিনের মধ্যে জানাতে হবে—সেটিও স্পষ্ট করুন।

পণ্য পাঠানোর আগে শাড়ি ভালোভাবে পরীক্ষা করে প্যাকেজ করা হয়—এমন তথ্য জানালে ক্রেতার আস্থাও বাড়ে। উপহার হিসেবে পাঠানোর ব্যবস্থা থাকলে সেটিও উল্লেখ করতে পারেন।


১০. শাড়ির গল্প ও কারিগরের কথা বলুন


একটি শাড়ি শুধু কাপড় নয়; অনেক সময় এর সঙ্গে জড়িয়ে থাকে একটি অঞ্চল, একটি ঐতিহ্য কিংবা একজন কারিগরের দীর্ঘদিনের দক্ষতা। আপনি যদি তাঁতিদের কাছ থেকে সরাসরি শাড়ি সংগ্রহ করেন, কোনো নির্দিষ্ট এলাকার কারিগরের সঙ্গে কাজ করেন কিংবা নিজেই শাড়ির নকশা তৈরি করেন, সেই গল্পটি ক্রেতার সামনে তুলে ধরুন।

যেমন—কোন অঞ্চলের তাঁতি শাড়িটি তৈরি করেছেন, কতদিন ধরে এই কাজ করছেন কিংবা নকশাটির অনুপ্রেরণা কোথা থেকে এসেছে—এসব তথ্য একটি সাধারণ শাড়িকে ক্রেতার কাছে আরও অর্থবহ করে তুলতে পারে।


sidebar ad