শিশুর যৌন শিক্ষা: কোন বয়সে কী শেখাবেন?

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


আপনার সন্তান যদি যৌনতা নিয়ে প্রশ্ন করে, তাকে চুপ করিয়ে দেবেন না—কারণ আপনার কাছ থেকে উত্তর না পেলে সে উত্তর খুঁজবে ভুল কোথাও!


বাংলাদেশের মতো সমাজে শিশু-কিশোরদের যৌন শিক্ষা নিয়ে কথা বলা এখনও অনেক পরিবারের কাছে অস্বস্তিকর। কিন্তু যৌন শিক্ষা মানেই শুধু যৌন সম্পর্কের কথা নয়। এর মধ্যে রয়েছে শরীর সম্পর্কে ধারণা, ব্যক্তিগত সীমানা, ভালো-মন্দ স্পর্শ, নিরাপত্তা, বয়ঃসন্ধিকাল, সম্পর্ক, সম্মান এবং অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতনতা।


তাহলে প্রশ্ন—কোন বয়স থেকে শিশুকে এসব শেখানো উচিত?


বিশেষজ্ঞদের মতে, যৌন শিক্ষা কোনো নির্দিষ্ট বয়সে হঠাৎ শুরু করার বিষয় নয়। শিশুর বয়স ও বোঝার ক্ষমতা অনুযায়ী ছোটবেলা থেকেই ধীরে ধীরে শেখানো যায়।


 ৩–৫ বছর: শরীর সম্পর্কে সচেতনতা


এই বয়সে শিশুকে তার শরীরের বিভিন্ন অঙ্গের সঠিক ও স্বাভাবিক নাম শেখান। ব্যক্তিগত অঙ্গ কোনগুলো এবং সেগুলো কেন ব্যক্তিগত—তা সহজ ভাষায় বোঝান।


শিশুকে শেখান—তার শরীর তার নিজের। কেউ তার অস্বস্তিকর জায়গায় স্পর্শ করলে সে “না” বলতে পারবে এবং বিশ্বাসযোগ্য বড় কাউকে জানাবে।


 ভালো ও খারাপ স্পর্শ : Good Touch, Bad Touch


শুধু মেয়েদের নয়, ছেলে ও মেয়ে—দুই শিশুকেই ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে শেখানো জরুরি।


তাকে বোঝান, শরীরের কিছু ব্যক্তিগত অংশ সাধারণত পোশাকে ঢাকা থাকে। পরিচর্যা বা চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কেউ সেগুলো স্পর্শ করতে পারে না।


সবচেয়ে গুরুত্বপূর্ণ—শিশুকে এমন পরিবেশ দিন যেখানে সে কোনো অস্বস্তিকর ঘটনা ভয় না পেয়ে বাবা-মাকে বলতে পারে।


৭–১২ বছর: বয়ঃসন্ধির প্রস্তুতি


এই বয়সে শরীরের পরিবর্তন, পিরিয়ড, শারীরিক বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বিপরীত লিঙ্গের প্রতি সম্মান সম্পর্কে বয়স-উপযোগী আলোচনা করা যায়।


মেয়েদের পিরিয়ড সম্পর্কে শুধু মেয়েদের নয়, ছেলেদেরও জানানো উচিত। কারণ সচেতনতা থেকেই তৈরি হয় সহমর্মিতা ও সম্মান।


সম্পর্কের শিক্ষা পরিবার থেকেই


শিশু শুধু কথা শুনে শেখে না—দেখেও শেখে। বাবা-মা একে অপরকে কীভাবে সম্মান করেন, কীভাবে কথা বলেন এবং মতের অমিল কীভাবে সামলান—শিশুর ভবিষ্যৎ সম্পর্কের ওপর তার প্রভাব পড়ে।


তাই যৌন শিক্ষার পাশাপাশি সম্মানজনক যোগাযোগ ও healthy relationship শেখানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ডিজিটাল যুগে Pornography


ইন্টারনেটের কারণে শিশুরা অল্প বয়সেই অনুপযুক্ত কনটেন্টের মুখোমুখি হতে পারে। তাই শুধু মোবাইল কেড়ে নেওয়া নয়— বয়স-উপযোগী ডিজিটাল শিক্ষা এবং খোলামেলা যোগাযোগ জরুরি।


শিশু কিছু দেখে ফেললে তাকে অপমান বা ভয় দেখাবেন না। বরং কী দেখেছে, কেন সেটি বাস্তব সম্পর্কের সঠিক ধারণা নয়—তা বয়স অনুযায়ী বুঝিয়ে বলুন।


শিশু অস্বস্তিকর প্রশ্ন করলে কী করবেন?


উত্তর না জানলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। বলতে পারেন—“তোমার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি একটু ভেবে তোমাকে ঠিকভাবে বুঝিয়ে বলব।”


কিন্তু প্রশ্ন এড়িয়ে যাবেন না। কারণ আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ হলে শিশু উত্তর খুঁজতে পারে অনির্ভরযোগ্য উৎসে।



যৌন শিক্ষা না থাকলে ঝুঁকি কী?


সঠিক শিক্ষা না থাকলে শিশু নিজের শরীর, ব্যক্তিগত সীমা এবং অনিরাপদ পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্ত হতে পারে।  অনলাইন ঝুঁকি, ভুল তথ্য বা যৌন নির্যাতনের পরিস্থিতি শনাক্ত করাও কঠিন হতে পারে। তাই যৌন শিক্ষা মানে শিশুকে অকালপক্ব করে তোলা নয়।


সঠিক যৌন শিক্ষা শিশুকে অকাল যৌনতার দিকে ঠেলে দেয় না; বরং বয়স-উপযোগী জ্ঞান, আত্মসুরক্ষা, সম্মান ও দায়িত্বশীল আচরণ সম্পর্কে সচেতন করতে সাহায্য করে।


মনে রাখুন— লজ্জা দিয়ে নয়, জ্ঞান দিয়ে শিশুকে নিরাপদ করতে হয়। শিশুর বয়স অনুযায়ী, সহজ ভাষায়, ভয় না দেখিয়ে এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিন।


সূত্র: বিবিসি অবলম্বনে

sidebar ad