অন্যের আচরণ নয়, নিজের সঙ্গে কেমন আচরণ করছেন সেটাও গুরুত্বপূর্ণ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬

ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

জীবনে এমন কিছু মানুষ থাকবেই, যাদের আচরণ আমাদের কষ্ট দেবে। কেউ অবহেলা করবে, কেউ ভুল বুঝবে, কেউ হয়তো আপনার সীমারেখাটুকুও সম্মান করবে না। কখনো কাছের মানুষটির আচরণে মন ভেঙে যাবে, কখনো কোনো সম্পর্কের টানাপোড়েনে নিজেকেই প্রশ্ন করতে হবে—‘আমি কি কোথাও ভুল করলাম?’


অন্যের আচরণ পরিবর্তন করা সবসময় সম্ভব নয়। কিন্তু সেই আচরণের প্রতিক্রিয়ায় আপনি নিজের সঙ্গে কেমন ব্যবহার করবেন, সেটি অনেকটাই আপনার হাতে। অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের প্রয়োজন ভুলে যাওয়া, সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে আত্মসম্মান বিসর্জন দেওয়া কিংবা কোনো খারাপ অভিজ্ঞতার কারণে নিজেকে পুরোপুরি গুটিয়ে ফেলা—এসব কোনোোটিই সুস্থভাবে এগিয়ে যাওয়ার পথ নয়।


বরং কিছু পরিস্থিতিতে নিজেকে কয়েকটি প্রশ্ন করা দরকার—সবকিছুর দায় কি সত্যিই আমার? আমি কি নিজের প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছি? যে সম্পর্ক বা পরিস্থিতি আমাকে কষ্ট দিচ্ছে, সেখানে আমার সীমারেখা কোথায়?


সবকিছু নিজের দায়িত্ব ভাববেন না


সবাইকে খুশি করা, সবার সমস্যা সমাধান করা কিংবা প্রতিটি পরিস্থিতি নিজের কাঁধে তুলে নেওয়া আপনার দায়িত্ব নয়। আপনি যতই দায়িত্বশীল বা সহানুভূতিশীল হন না কেন, সব মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। কোনো কিছু আপনার সামর্থ্যের বাইরে চলে গেলে ‘না’ বলতে শিখুন। সবসময় সবার জন্য available থাকা মানেই ভালো মানুষ হওয়া নয়। নিজের সময়, শক্তি ও মানসিক স্বস্তিরও মূল্য আছে।


কষ্টের সময় নিজের যত্ন আরও জরুরি


কেউ কষ্ট দিয়েছে বলে নিজের খাওয়া-ঘুম নষ্ট করা, কাজকর্ম বন্ধ করে দেওয়া কিংবা সারাক্ষণ একই ঘটনা নিয়ে ভাবতে থাকা সমস্যার সমাধান করে না। বরং এতে আপনার নিজের ক্ষত আরও গভীর হতে পারে।


মন খারাপ থাকলেও নিয়মিত খাওয়া, ঘুম, প্রয়োজনীয় কাজ এবং নিজের দৈনন্দিন যত্নের বিষয়গুলো যতটা সম্ভব ধরে রাখুন। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছুটা সময় দেওয়া ভালো। কারণ তীব্র আবেগের মুহূর্তে পরিস্থিতিকে সবসময় পরিষ্কারভাবে দেখা যায় না।


কাউকে ধরে রাখতে গিয়ে নিজের মূল্য কমাবেন না


কেউ দূরে সরে যাচ্ছে—এই ভয় থেকে বারবার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। অতিরিক্ত effort দিয়ে কিংবা নিজের প্রয়োজনগুলো একের পর এক উপেক্ষা করে কোনো সম্পর্ককে একা টেনে নেওয়া যায় না। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই আগ্রহ, সম্মান ও চেষ্টা প্রয়োজন। শুধু একজন বারবার চেষ্টা করে গেলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। কাউকে জীবনে রাখতে গিয়ে যদি প্রতিনিয়ত নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, তাহলে সম্পর্কটির ধরন নিয়েও ভাবা প্রয়োজন।


নিজের কষ্ট সবার কাছে বলা জরুরি নয়


কষ্টের সময়ে কথা বলতে ইচ্ছে করা স্বাভাবিক। কিন্তু প্রত্যেক মানুষ আপনার ব্যক্তিগত অনুভূতি বা দুর্বলতার জায়গাগুলো জানার জন্য নিরাপদ নয়। তাই কাকে কতটা বলবেন, সেটি বেছে নিন। এমন মানুষের কাছে নিজের কথা বলা ভালো, যিনি আপনার অনুভূতিকে সম্মান করেন, আপনার কথা গোপন রাখেন এবং আপনার দুর্বলতাকে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার করেন না। নিজের ব্যক্তিগত সীমারেখা থাকা মানে দূরত্ব তৈরি করা নয়; বরং কোথায় কতটা নিজেকে প্রকাশ করতে হবে, সেটি বুঝতে পারা।


পরামর্শ নিন, সিদ্ধান্ত নিজের


বয়সে বড়, অভিজ্ঞ কিংবা কাছের মানুষ—হলেই তার প্রতিটি পরামর্শ আপনার পরিস্থিতির জন্য সঠিক হবে, এমন নয়। কারণ প্রত্যেক মানুষের জীবন, সম্পর্ক, সামর্থ্য ও বাস্তবতা আলাদা। অন্যের অভিজ্ঞতা শুনুন, পরামর্শ বিবেচনা করুন। তারপর নিজের পরিস্থিতি, প্রয়োজন ও ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিন। নিজের বিচারবুদ্ধির জায়গাটি অন্যের হাতে পুরোপুরি তুলে দেওয়া ঠিক নয়।


সবসময় ঝুঁকিমুক্ত জীবন সম্ভব নয়


জীবনে নতুন কিছু শুরু করা, পরিবর্তন আনা কিংবা নিজের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা uncertainty থাকবেই। ভুল হওয়ার ভয় স্বাভাবিক। কিন্তু সেই ভয়েই যদি সবসময় একই জায়গায় আটকে থাকেন, তাহলে নতুন কিছু শেখা বা নিজের সম্ভাবনা আবিষ্কারের সুযোগও কমে যায়।


তাই হুট করে নয়, বরং তথ্য যাচাই করে, সম্ভাব্য ঝুঁকি বুঝে এবং নিজের সামর্থ্য বিবেচনা করে প্রয়োজনীয় ঝুঁকি নিতে শিখুন। জীবনের প্রতিটি সিদ্ধান্ত শতভাগ নিশ্চয়তা নিয়ে আসে না।


খারাপ অভিজ্ঞতাকে নিজের স্বভাব বানাবেন না


জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা আপনি কখনোই প্রাপ্য ছিলেন না। কেউ বিশ্বাস ভাঙতে পারে, কেউ প্রতারণা করতে পারে, কেউ আপনাকে গভীরভাবে হতাশ করতে পারে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দরকার। কিন্তু সেই কারণে সবাইকে অবিশ্বাস করা কিংবা নিজের ভালো দিকগুলো হারিয়ে ফেলার প্রয়োজন নেই। সতর্ক হওয়া আর কঠিন হয়ে যাওয়া এক বিষয় নয়। নিজের সীমা বুঝে চলুন, red flag চিনুন, প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন। কিন্তু একজনের খারাপ আচরণের দায় যেন আপনার পরবর্তী সব সম্পর্ককে বহন করতে না হয়।


অন্যের আচরণ দিয়ে নিজের মূল্য মাপবেন না

কেউ আপনাকে গুরুত্ব দিল না, আপনার effort বুঝল না কিংবা আপনাকে বেছে নিল না—এসবের কোনোটিই আপনার মানবিক মূল্য নির্ধারণ করে না। অন্যের স্বীকৃতি গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু নিজের মূল্যবোধের ভিত্তি শুধু অন্যের আচরণের ওপর দাঁড় করানো ঠিক নয়। নিজের যত্ন নিন, নিজের সীমা বুঝুন এবং প্রয়োজন হলে নিজের অবস্থান স্পষ্ট করুন।


Self-respect মানে সবাইকে ছেড়ে দেওয়া নয়। কোথায় মানিয়ে নেওয়া যায়, আর কোথায় নিজের জন্য দাঁড়ানো প্রয়োজন—সেটি বুঝতে পারাও আত্মসম্মানের অংশ।


যখন মনে হবে, ‘সব দোষ কি আমার?’

এমন প্রশ্ন জীবনের কঠিন সময়ে বারবার মনে আসতে পারে। তখন নিজেকে একটু থামিয়ে কয়েকটি প্রশ্ন করুন—


আমি কি সত্যিই এই পরিস্থিতির পুরো দায় বহন করছি?


আমি কি অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের প্রয়োজনগুলো উপেক্ষা করছি?


আমি কি এমন কোনো সীমা অতিক্রম করছি, যা আমার জন্য স্বাস্থ্যকর নয়?


আমি কি সম্পর্কটি একা টেনে নেওয়ার চেষ্টা করছি?


এই পরিস্থিতিতে আমি আমার কোনো বন্ধুকে পেলে তাকে কী পরামর্শ দিতাম?


আমি কি নিজের সঙ্গে সেই একই সহানুভূতিটুকু দেখাচ্ছি, যা অন্য একজনের ক্ষেত্রে দেখাতাম?- সব প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যাবে না। কিছু উত্তর সময়ের সঙ্গে পরিষ্কার হবে। ততদিন নিজের প্রতি একটু কোমল থাকুন। জীবনে অন্য মানুষ কী বলবে, কী করবে কিংবা কে পাশে থাকবে—সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু তাদের আচরণের কারণে নিজের সঙ্গে কেমন আচরণ করব, সেটি অনেকটাই আমাদের হাতে।


অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার প্রয়োজন নেই। নিজের সীমারেখা, আত্মসম্মান ও মানসিক স্বস্তিকে গুরুত্ব দেওয়া স্বার্থপরতা নয়। বরং নিজের জীবনের দায়িত্ব নেওয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

sidebar ad