পরিবার একটি শিশুর প্রথম শিক্ষালয়। এখানেই সে ভালোবাসতে শেখে, ভাগাভাগি করতে শেখে, অন্যের অনুভূতি বুঝতে শেখে।
আর পরিবারের বড় সন্তান হওয়ার মধ্য দিয়ে সে শেখে দায়িত্বশীলতার প্রথম পাঠ। তবে বড় সন্তান মানেই তার কাঁধে সংসারের বোঝা চাপিয়ে দেওয়া নয়; বরং ছোট ছোট দায়িত্বের মধ্য দিয়ে তাকে পরিবার, ভালোবাসা ও দায়িত্ববোধের অর্থ বুঝিয়ে দেওয়া।
দায়িত্বশীল হওয়ার শিক্ষা শুরু হোক নিজের কাজ নিজে করার অভ্যাস দিয়ে। নিজের বিছানা গুছিয়ে রাখা, ব্যবহৃত জিনিস যথাস্থানে রাখা, পড়ার টেবিল পরিষ্কার করা কিংবা নিজের পোশাক গুছিয়ে রাখার মতো ছোট কাজগুলোই একসময় দায়িত্ববোধের বড় ভিত্তি তৈরি করে। যে শিশু নিজের দায়িত্ব নিতে শেখে, সে ধীরে ধীরে পরিবারের প্রতিও দায়িত্বশীল হয়ে ওঠে।
ঘরের কাজে মাকে সাহায্য করার অভ্যাসও শিশুর মধ্যে পারিবারিক মূল্যবোধ তৈরি করে। মায়ের হাতে প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেওয়া, ছোটখাটো কাজে সহযোগিতা করা কিংবা মায়ের ব্যস্ততার সময় একটু পাশে দাঁড়ানো—এসব কাজ শিশুকে বোঝায় যে সংসার একা একজনের চেষ্টায় চলে না। পরিবারের সবাই মিলে একে অপরের কাজ সহজ করে দেয়।
বড় সন্তানকে ছোট ভাইবোনের প্রতি যত্নশীল হতেও শেখাতে হবে। ছোট্ট ভাই বা বোনের সঙ্গে সময় কাটানো, তাকে খেলতে সাহায্য করা, প্রয়োজন হলে মাকে ডেকে দেওয়া কিংবা সে কষ্ট পাচ্ছে কি না খেয়াল রাখা—এসবের মাধ্যমে তার মধ্যে সহানুভূতি ও মমত্ববোধ তৈরি হয়। ধীরে ধীরে সে ছোটদের প্রয়োজন বুঝতে শেখে, তাদের অনুভূতির প্রতি যত্নশীল হয়।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ছোট ভাইবোনের দেখাশোনায় সহযোগিতা করা আর তাদের পুরো দায়িত্ব বড় সন্তানের কাঁধে চাপিয়ে দেওয়া এক বিষয় নয়। বড় সন্তান মায়ের সহকারী হতে পারে, কিন্তু সে কখনো মায়ের বিকল্প নয়। তার নিজের শৈশব, পড়াশোনা, আনন্দ ও ব্যক্তিগত সময়ের অধিকারও সমান গুরুত্বপূর্ণ।
ভাইবোনের সম্পর্কের মধ্য দিয়ে সবচেয়ে বড় যে শিক্ষাটি পাওয়া যায়, তা হলো অন্যের প্রয়োজন বুঝতে শেখা। ছোট ভাইবোন কখন ক্ষুধার্ত, কখন খেলতে চায়, কখন ঘুমাতে চায় কিংবা কখন শুধু একটু সঙ্গ প্রয়োজন—এসব খেয়াল করার মধ্য দিয়েই বড় সন্তান ধীরে ধীরে যত্নশীল মানুষ হয়ে ওঠে।
আর এই পথেই সে একসময় বুঝতে শেখে তার মায়ের প্রতিদিনের অদৃশ্য দায়িত্বগুলো। সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সবার প্রয়োজনের কথা মনে রাখা, রান্না, ঘর সামলানো, সন্তানদের দেখাশোনা, অসুস্থতার সময় জেগে থাকা—মায়ের এই নিরন্তর কাজ ও ত্যাগের মূল্য বোঝার সুযোগ পায় সে।
যে সন্তান ছোটবেলা থেকেই মায়ের পাশে দাঁড়াতে শেখে, সে শুধু ঘরের কাজ ভাগ করে নেয় না, সে ধীরে ধীরে মায়ের ক্লান্তি, দায়িত্ব ও নীরব ত্যাগের ভাষাও বুঝতে শেখে। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও পরিবারের প্রতি গভীর ভালোবাসা।
ভাইবোনের সম্পর্ক তাই শুধু খুনসুটি আর ভালোবাসার নয়। এই সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা। আজ যে বড় সন্তান ছোট ভাইবোনের প্রতি যত্নশীল হতে শেখে, মায়ের কাজে সহযোগিতা করতে শেখে এবং নিজের দায়িত্ব নিজে নিতে শেখে, আগামী দিনে সেই শিশুই হয়ে উঠতে পারে একজন সচেতন, দায়িত্বশীল ও মানবিক মানুষ।
তাই বড় সন্তানকে শুধু ‘বড়’ হওয়ার পরিচয় নয়, দায়িত্বশীল হওয়ার শিক্ষাও দিন। ভালোবাসার সঙ্গে শেখানো এই ছোট ছোট দায়িত্বই একদিন তার ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর পরিচয় হয়ে উঠবে।