শিশু ভুল করবে—এটাইতো স্বাভাবিক। কখনো পড়া না-ও হতে পারে, হোমওয়ার্ক অসম্পূর্ণ থাকতে পারে, খেলতে গিয়ে দুষ্টুমি হতে পারে কিংবা কোনো নিয়ম ভেঙে ফেলতে পারে। কিন্তু শিশুর ভুলকে শুধরে দেওয়ার নামে ভয় দেখানো, অপমান করা কিংবা শারীরিক শাস্তি দেওয়া কি সত্যিই তাকে শেখায়? নাকি অজান্তেই তার মনে তৈরি করে এমন কিছু ক্ষত, যা চোখে দেখা যায় না?
শিশুকে বড় করার দায়িত্ব শুধু তাকে ভালো ফলাফল বা নিয়ম মেনে চলতে শেখানো নয়; বরং তাকে এমন একটি নিরাপদ পরিবেশ দেওয়া, যেখানে সে ভুল করতে পারবে, সেই ভুল থেকে শিখতে পারবে এবং প্রয়োজন হলে নিজের কথা বলতে পারবে। কারণ শেখার প্রক্রিয়ায় ভুল কোনো অপরাধ নয়—ভুলই শেখার একটি স্বাভাবিক অংশ।
শাস্তি কী সত্যিই শিশুকে শিখতে সাহায্য করে?
অনেক সময় শিশুকে নিয়ন্ত্রণে রাখার জন্য শাস্তিকে সহজ ও কার্যকর পদ্ধতি বলে মনে করা হয়। তার কারণ হলো ভয় দেখিয়ে কোনো আচরণ সাময়িকভাবে থামিয়ে দেওয়া যায়। কিন্তু ভয় দেখানো আর শিশুকে সেই আচরণ কেন ভুল, তা বুঝতে শেখানো—দুটি এক বিষয় নয়।
বারবার ভয়, অপমান বা কঠোর শাস্তির মুখোমুখি হলে শিশুর মনে তৈরি হতে পারে ভয় ও উদ্বেগ। সে ভুল করার ভয়ে নিজের কথা বলতে সংকোচ করতে পারে, বাবা-মা বা শিক্ষকের কাছ থেকে বিষয় লুকানোর প্রবণতা তৈরি হতে পারে। মনোবিজ্ঞানীরা মনে করেন, অতিরিক্ত শাস্তি শিশুর মধ্যে আগ্রাসী আচরণের প্রবণতা তৈরি করতে পারে; কারণ শিশুরা বড়দের আচরণ দেখেই অনেক কিছু শেখে। আর পড়াশোনা বা শেখার সঙ্গে যদি বারবার ভয় ও অপমানের অভিজ্ঞতা যুক্ত হয়, তাহলে শেখার প্রতি অনীহাও তৈরি হতে পারে।
অর্থাৎ, শিশুকে শুধু ‘ভুল করো না’ বলা যথেষ্ট নয়; তাকে শেখাতে হবে—ভুল হলে কীভাবে সেটি বুঝতে হবে, কীভাবে সংশোধন করতে হবে এবং পরেরবার কীভাবে আরও ভালোভাবে কাজ করা যায়।
তাহলে শাসনের উদ্দেশ্য কী হওয়া উচিত?
শিশুকে শাসন করার উদ্দেশ্য হতে হবে, ভয় দেখানো নয়, সঠিক আচরণ শেখানো। এর জন্য প্রয়োজন ধৈর্য, স্পষ্ট সীমারেখা এবং শিশুর বয়স ও বোঝার ক্ষমতা অনুযায়ী কথা বলা।
শিশু কোনো ভুল করলে প্রথমেই জানতে চাওয়া যেতে পারে—সে কেন এমন করেছে। তার কথা মন দিয়ে শোনা, ভুলের পরিণতি বোঝানো এবং কীভাবে পরিস্থিতি ঠিক করা যায় তা দেখিয়ে দেওয়া অনেক বেশি ইতিবাচক পদ্ধতি। ভালো আচরণ করলে তার প্রশংসা করাও গুরুত্বপূর্ণ, কারণ স্বীকৃতি শিশুকে নিজের সক্ষমতা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে সাহায্য করে।
নিয়ম অবশ্যই থাকবে, কিন্তু সেই নিয়ম যেন ভয় তৈরি না করে। শিশুর জানা দরকার—নিয়ম ভাঙলে তার পরিণতি থাকতে পারে, কিন্তু ভুল করলেই সে ভালোবাসা, সম্মান কিংবা নিরাপত্তা হারাবে না।
শিশুকে শাসন করা আর শিশুকে আঘাত করা এক বিষয় নয়
একজন অভিভাবক বা শিক্ষক দৃঢ় হতে পারেন, কিন্তু একই সঙ্গে সহানুভূতিশীলও হতে পারেন। ‘এটা করা যাবে না’—এই সীমারেখাটি যেমন প্রয়োজন, তেমনি ‘কেন করা যাবে না’—সেটি বোঝানোও প্রয়োজন।
কারণ শিশুর কাছে বড়দের প্রতিক্রিয়াই অনেক সময় তার নিজের সম্পর্কে ধারণা তৈরি করে। প্রতিটি ভুলের পর যদি সে শুনতে থাকে ‘তুমি কিছুই পারো না’, ‘তুমি খারাপ’, কিংবা অপমানজনক কোনো কথা, তাহলে সে শুধু নিজের আচরণকে ভুল হিসেবে দেখবে না; ধীরে ধীরে নিজেকেও ভুল বা অযোগ্য মনে করতে পারে।
সেখানেই শাসন ও অপমানের মধ্যে বড় পার্থক্য। আচরণকে সংশোধন করা যায়, কিন্তু শিশুর আত্মসম্মান ভেঙে দিয়ে তাকে শেখানো যায় না। শরীরের ক্ষত শুকিয়ে যায়, মনের ক্ষত?
একটি শিশুর শরীরে আঘাতের দাগ হয়তো একদিন মুছে যায়। কিন্তু সেই আঘাতের সঙ্গে জড়িয়ে থাকা ভয়, অপমান ও নিরাপত্তাহীনতার অনুভূতি অনেক দিন মনে থেকে যেতে পারে। তাই শিশুকে শেখানোর আগে আমাদের নিজেদেরও একটি প্রশ্ন করা দরকার—আমি কি তাকে শেখাচ্ছি, নাকি শুধু তাকে ভয় পাইয়ে থামিয়ে দিচ্ছি?
শিশুর ভুলকে সুযোগ হিসেবে দেখা যাক—ভুল থেকে শেখার, কথা বলার এবং আরও ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ হিসেবে। কারণ একজন শিশুর প্রয়োজন শুধু শাসন নয়; তার প্রয়োজন এমন একজন বড় মানুষ, যার কাছে সে ভুল করেও ফিরে আসতে পারে, নিজের কথা বলতে পারে এবং নিরাপদ বোধ করতে পারে।
শিশুকে শাসন করার সবচেয়ে বড় সাফল্য তাকে ভয় পাইয়ে চুপ করিয়ে দেওয়া নয়; বরং তাকে এমনভাবে শেখানো, যাতে একদিন সে নিজের আচরণের সঠিক-ভুল নিজেই বুঝতে পারে।