জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা নতুন জীবনে পা রাখলেন। একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বিয়েটি সম্প্রতি নয়, দেড় বছরেরও বেশি সময় আগে সম্পন্ন হয়েছে। এতদিন বিষয়টি ব্যক্তিগতই রেখেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজেই জানিয়েছেন, তার বর্তমান স্বামীর নাম ফয়সাল এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী।
সোহানা সাবার জীবনে ভালোবাসার গল্প নতুন নয়। ২০২৩ সালে নিজের নতুন প্রেমের কথা স্বীকার করেছিলেন তিনি। তখন অবশ্য প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাননি। সেই সম্পর্কই শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়েতে।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ভক্ত ও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কেন এতদিন বিয়ের খবর গোপন রেখেছিলেন? স্বামী ফয়সালের সঙ্গে তার সম্পর্কের গল্পই বা কেমন?—এসব প্রশ্ন এখন ঘুরছে বিনোদন অঙ্গনে।
তবে ব্যক্তিজীবনকে বরাবরই নিজের মতো করে দেখেছেন সোহানা সাবা। আলোচনার বাইরে থেকে নিজের মতো করে জীবন সাজানোর সিদ্ধান্তই হয়তো তাকে এতদিন বিয়ের খবর আড়ালে রাখতে অনুপ্রাণিত করেছে।
এর আগে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহানা সাবা। সেই সংসারে তাদের এক সন্তান রয়েছে। পরবর্তী সময়ে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।