জে.কে. রাউলিং: ব্যর্থতা, দারিদ্র্য ও হতাশা পেরিয়ে বিশ্বের অন্যতম সফল লেখক হওয়ার গল্প

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬

জে.কে. রাউলিং: ব্যর্থতা, দারিদ্র্য ও হতাশা পেরিয়ে বিশ্বের অন্যতম সফল লেখক হওয়ার গল্প

জে.কে. রাউলিং এর জন্ম ৩১ জুলাই ১৯৬৫ সালে ইংল্যান্ডের ইয়েট শহরে। ছোটবেলা থেকেই বই পড়া ও গল্প লেখার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল নেশা। মাত্র ছয় বছর বয়সেই তিনি নিজের প্রথম গল্প লিখেছিলেন।পরিবারের উৎসাহে তার লেখালেখির স্বপ্ন আরও দৃঢ় হয়।



সংগ্রামের শুরু: জীবনের বড় সংগ্রাম শুরু হয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর। বিভিন্ন ছোটখাটো চাকরি করলেও তিনি নিজের স্বপ্নের লেখালেখি ছাড়েননি।



১৯৯০ সালে ট্রেনে ভ্রমণের সময় তার মাথায় হ্যারি পটার চরিত্রের ধারণা আসে। কিন্তু ঠিক সেই বছরই তার প্রিয় মা মারা যান।এই শোক তাকে গভীরভাবে ভেঙে দেয়। পরে তিনি পর্তুগালে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করেন এবং বিয়ে করেন। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি। 



বিবাহবিচ্ছেদের পর ছোট্ট মেয়েকে নিয়ে তিনি যুক্তরাজ্যের এডিনবরায় ফিরে আসেন। সেই সময় তার জীবন ছিল অত্যন্ত কঠিন।তিনি ছিলেন একজন একক মা (Single Mother)। নিয়মিত চাকরি ছিল না,সরকারি আর্থিক সহায়তায় চলতে হতো।


অনেক সময় কফিশপে বসে শিশুকন্যাকে পাশে ঘুম পাড়িয়ে তিনি হ্যারি পটার-এর পাণ্ডুলিপি লিখতেন।জীবনের এই সময় তিনি মানসিক অবসাদেও ভুগেছিলেন।


সফলতার গল্প: দীর্ঘ পরিশ্রমের পর তিনি Harry Potter and the Philosopher's Stone-এর পাণ্ডুলিপি প্রকাশকদের কাছে পাঠান।কিন্তু একের পর এক ১২টি প্রকাশনা প্রতিষ্ঠান বইটি প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।


অবশেষে একটি ছোট প্রকাশনা সংস্থা Bloomsbury বইটি প্রকাশ করতে রাজি হয়।  ১৯৯৭ সালে বইটি প্রকাশের পর পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর একে একে প্রকাশিত হয় হ্যারি পটার সিরিজের সাতটি বই।


বইগুলো ৮০টিরও বেশি ভাষায় অনূদিত হয় এবং বিশ্বজুড়ে ৬০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। পরে এই সিরিজ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রগুলোও ইতিহাসের অন্যতম সফল চলচ্চিত্র সিরিজে পরিণত হয়।



আজ জে. কে. রাউলিং বিশ্বের অন্যতম সফল লেখক। তিনি লেখালেখির পাশাপাশি দাতব্য কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।



জে. কে. রাউলিংয়ের জীবন থেকে শিক্ষা: জে. কে. রাউলিংয়ের জীবন আমাদের শেখায়। ব্যর্থতা মানেই শেষ নয়। দারিদ্র্য, প্রত্যাখ্যান এবং ব্যক্তিগত কষ্টের মধ্যেও যদি মানুষ নিজের স্বপ্ন আঁকড়ে ধরে পরিশ্রম করে,তাহলে একদিন সেই স্বপ্নই তাকে বিশ্বের সর্বোচ্চ সফলতার আসনে পৌঁছে দিতে পারে।



জে.কে. রাউলিংয়ের সবচেয়ে আলোচিত সাক্ষাৎকারগুলোর একটি হলো তার অফিসিয়াল "On Writing" সাক্ষাৎকার, যেখানে তিনি লেখালেখি, ব্যর্থতা ও সফলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। 


এখানে সেই সাক্ষাৎকারের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলায় তুলে ধরা হলো (মূল বক্তব্যের ভাবানুবাদ):



প্রশ্ন: নতুন যারা লেখক হতে চান, তাদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কী?


জে. কে. রাউলিং: অনেক পড়ুন। একজন ভালো লেখক হতে হলে আগে একজন ভালো পাঠক হতে হবে। অন্যদের লেখা পড়ে আপনি বুঝতে পারবেন কোন লেখা কেন ভালো লাগে, কোনটা লাগে না। প্রথমে প্রিয় লেখকদের অনুসরণ করলেও সমস্যা নেই। ধীরে ধীরে আপনি নিজের স্বতন্ত্র লেখার ধরন খুঁজে পাবেন।


প্রশ্ন: এত প্রত্যাখ্যানের পরও কীভাবে হাল ছাড়েননি?


জে. কে. রাউলিং: প্রত্যাখ্যান একজন লেখকের জীবনেরই অংশ। সমালোচনা আসবেই। কিন্তু বারবার উঠে দাঁড়ানোর ক্ষমতাই সবচেয়ে মূল্যবান। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন, বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন।


প্রশ্ন: লেখালেখি আপনার কাছে কী?


জে. কে. রাউলিং: লেখালেখি শুধু আমার পেশা নয়, এটা আমার প্রয়োজন। আমি নিয়মিত না লিখলে নিজেকে অসম্পূর্ণ মনে হয়।



প্রশ্ন: সফলতার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি?


জে. কে. রাউলিং: সফলতার কোনো জাদুকরী নিয়ম নেই। কিন্তু তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক পড়া, নিয়মিত অনুশীলন (শৃঙ্খলা) এবং প্রত্যাখ্যানের পরও এগিয়ে যাওয়ার মানসিকতা।



জে. কে. রাউলিংয়ের বিখ্যাত উক্তি


"Rock bottom became the solid foundation on which I rebuilt my life."

বাংলা অর্থ: জীবনের সবচেয়ে নিচের অবস্থাটাই আমার নতুন জীবন গড়ার সবচেয়ে শক্ত ভিত্তি হয়ে উঠেছিল।



এই কথাটি তিনি তাঁর ২০০৮ সালের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তৃতায় বলেছিলেন এবং এটি তাঁর জীবনদর্শনের অন্যতম পরিচিত উক্তি।



তথ্যসূত্র: J.K. Rowling Official Website – On Writing ও Answers to Questions

Harvard University, Encyclopaedia Britannica – J.K. Rowling Biography



* ইশরাত জাহান ইনা

sidebar ad