"একজন নারী হিসেবে, অবিবাহিত থেকে যাওয়ার চেয়ে জীবনে অসফল হওয়াকেই তোমার বেশি ভয় পাওয়া উচিত।" এমনটাই মনে করেন মোটিভেশনাল স্পিকার, কনটেন্ট ক্রিয়েটর এবং পডকাস্ট হোস্ট সুজি ইনথিরান।
তিনি মূলত নারীর আত্মোন্নয়ন, আত্মসম্মান, সম্পর্ক, ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক স্বাধীনতা নিয়ে বক্তব্য দেন।
এই কথাটি অনেকের কাছে কঠিন শোনাতে পারে। কারণ সমাজ আমাদের ছোটবেলা থেকেই শেখায় বিয়ে জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু খুব কম মানুষই শেখায়, নিজের পায়ে দাঁড়ানো, আত্মসম্মান নিয়ে বাঁচা এবং নিজের পরিচয় তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।
সুজি ইনথিরান বলেন, বিয়ে কোনো নিরাপত্তার নিশ্চয়তা নয়। প্রকৃত নিরাপত্তা হলো, আপনার শিক্ষা, আপনার দক্ষতা, আপনার উপার্জনের সামর্থ্য, আপনার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এবং সবচেয়ে বড় কথা, আপনার আত্মসম্মান। একজন ভুল জীবনসঙ্গী আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে, আপনার স্বপ্নকে থামিয়ে দিতে পারে। আবার একজন সঠিক জীবনসঙ্গী আপনার শক্তিকে আরও বাড়িয়ে দিতে পারে, আপনার পথচলাকে সহজ করতে পারে।
তাই জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি শুধু কাউকে খুঁজে পাওয়ার অপেক্ষায় নষ্ট করবেন না।
এই সময়টুকু নিজের জন্য বিনিয়োগ করুন। নিজেকে শিক্ষিত করুন। নিজের দক্ষতা বাড়ান। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিন। নিজের একটি পরিচয় গড়ে তুলুন। এমন একজন মানুষ হয়ে উঠুন, যিনি সম্মান পাওয়ার আগে নিজেকে সম্মান করতে জানেন।
কারণ যখন আপনি নিজেকে মজবুত করে গড়ে তুলবেন, তখন ভালোবাসার জন্য মরিয়া হয়ে কাউকে খুঁজতে হবে না। তখন ভালোবাসা আপনার জীবনের প্রয়োজন নয়, আপনার সচেতন পছন্দ হবে।
মনে রাখবেন, একটি আঙটির চেয়ে একজন নারীর আত্মপরিচয় অনেক বেশি মূল্যবান। আর একটি সম্পর্কের চেয়ে নিজের আত্মসম্মান অনেক বেশি স্থায়ী।
তথ্যসূত্র: সুজি ইনথিরানের অফিসিয়াল ফেসবুক
এসএন