ভালোবাসা মুক্তি দেয়, ডিপেন্ডেন্সি বন্দি করে

প্রকাশ: ২১ জুন ২০২৬

ভালোবাসা মুক্তি দেয়, ডিপেন্ডেন্সি বন্দি করে

ভালোবাসা কখনো শিকল নয়,ভালোবাসা হলো দুটি মানুষের পাশাপাশি হাঁটার সাহস।সেখানে বিশ্বাস থাকে,সম্মান থাকে,আর থাকে একে অপরের স্বাধীনতাকে গ্রহণ করার সৌন্দর্য।কিন্তু যখন একজন মানুষের হাসি, শান্তি,আত্মমূল্যবোধ, সবকিছুই আরেকজনের উপস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়ে,তখন ভালোবাসার জায়গা ধীরে ধীরে দখল করে নেয় ইমোশনাল ডিপেন্ডেন্সি।


ভালোবাসা বলে,তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।ডিপেন্ডেন্সি বলে, তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই।এই সূক্ষ্ম পার্থক্যটাই অনেক সময় সম্পর্ককে সুন্দর আশ্রয় থেকে মানসিক বন্দিত্বে পরিণত করে।তাই বুঝে নেওয়া জরুরি।আপনি কি সত্যিই ভালোবাসছেন, নাকি ভালোবাসার নামে কাউকে আঁকড়ে ধরে নিজের শূন্যতাকে পূরণ করার চেষ্টা করছেন? 


ভালোবাসা হলো এমন এক অনুভূতি,যেখানে একজন মানুষের সুখ,সম্মান,শান্তি ও কল্যাণকে নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়।এটি শুধু আবেগ নয়,বিশ্বাস,দায়িত্ব,শ্রদ্ধা, গ্রহণযোগ্যতা এবং একসাথে বেড়ে ওঠার একটি সচেতন অঙ্গীকার। সত্যিকারের ভালোবাসা কাউকে নিজের করে রাখার চেষ্টা করে না,বরং তাকে তার স্বকীয়তা নিয়ে বিকশিত হওয়ার সুযোগ দেয়।ভালোবাসা নিয়ন্ত্রণ নয়,সহযোগিতা,অধিকার নয়, আস্থা বন্দিত্ব নয়, মুক্তির অনুভূতি। এক কথায়,ভালোবাসা হলো কাউকে এমনভাবে চাওয়া,যাতে তার ভালো থাকাটাই আপনার সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে ওঠে।



ইমোশনাল ডিপেন্ডেন্সি কী?


ইমোশনাল ডিপেন্ডেন্সি হলো এমন একটি মানসিক অবস্থা,যেখানে একজন ব্যক্তি নিজের সুখ, আত্মবিশ্বাস,মানসিক শান্তি বা আত্মমূল্যবোধের জন্য অতিরিক্তভাবে অন্য একজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে।


এ অবস্থায় মানুষ সাধারণত মনে করে, ও ছাড়া আমি ভালো থাকতে পারব না।

ওর মনোযোগ না পেলে আমি ভেঙে পড়ি। ও আমাকে ছেড়ে গেলে আমার জীবনের কোনো অর্থ থাকবে না। আমার সুখ পুরোপুরি ওর উপর নির্ভর করে। ভালোবাসায় মানুষ একে অপরকে চায়,কিন্তু ডিপেন্ডেন্সিতে মানুষ অন্যজনকে প্রয়োজনের চেয়েও বেশি আঁকড়ে ধরে। ফলে ভয়,অনিরাপত্তা, অতিরিক্ত প্রত্যাশা এবং মানসিক চাপ তৈরি হয়।


সহজ ভাষায়,ভালোবাসা বলে,তুমি আমার জীবনের সুন্দর একটি অংশ। ডিপেন্ডেন্সি বলে,তুমিই আমার পুরো জীবন। এই কারণেই বলা হয়,ভালোবাসা মুক্তি দেয়, কিন্তু ডিপেন্ডেন্সি বন্দি করে। 



সম্পর্কের জন্য ইমোশনাল ডিপেন্ডেন্সির ক্ষতিকর দিকগুলো


#অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয়।যখন নিজের সব সুখ-শান্তি একজন মানুষের উপর নির্ভর করে,তখন তার কাছে প্রত্যাশাও অস্বাভাবিকভাবে বেড়ে যায়।আর প্রত্যাশা পূরণ না হলেই জন্ম নেয় হতাশা ও অভিমান।


#ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে যায়।সম্পর্কের বাইরে নিজের শখ,বন্ধু, লক্ষ্য বা পরিচয় ধীরে ধীরে ম্লান হয়ে যেতে পারে।ফলে সম্পর্কটাই জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।


#অকারণ ভয় ও অনিরাপত্তা বাড়ে।

সে যদি চলে যায়?,সে কি আর আমাকে আগের মতো ভালোবাসে?এ ধরনের চিন্তা বারবার মনে আসে,যা সম্পর্ককে ক্লান্ত করে তোলে।


#নিয়ন্ত্রণ করার প্রবণতা জন্মায়।অতিরিক্ত নির্ভরশীলতা থেকে অনেক সময় মানুষ প্রিয়জনের সময়,চলাফেরা বা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে চায়।এতে সম্পর্কে দমবন্ধ অনুভূতি তৈরি হয়।


#আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়

নিজের মূল্যবোধ যখন পুরোপুরি অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে,তখন প্রত্যাখ্যান বা সমালোচনা খুব গভীরভাবে আঘাত করে।


#ছোট সমস্যাও বড় সংকটে পরিণত হয়

একটি ফোন না ধরা, একটি বার্তার দেরি করে উত্তর দেওয়া বা সামান্য ভুল বোঝাবুঝিও বড় ঝগড়া বা মানসিক অস্থিরতার কারণ হতে পারে।


#সম্পর্কে ভারসাম্য নষ্ট হয়

একজন সবসময় দিচ্ছে আর অন্যজন সবসময় মানসিক ভরসার কেন্দ্র হয়ে আছে।এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদে সম্পর্ককে ক্লান্ত করে দেয়।



সুস্থ সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা, বিশ্বাস, সম্মান ও পারস্পরিক নির্ভরতা। কিন্তু যখন নির্ভরতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে নিজের সুখ, পরিচয় ও মানসিক স্থিতি পুরোপুরি অন্য একজনের হাতে চলে যায়, তখন ভালোবাসার সৌন্দর্য কমে গিয়ে সম্পর্কের উপর চাপ বাড়তে থাকে।


মনে রাখবেন: ভালোবাসা দুজন মানুষকে কাছাকাছি আনে,কিন্তু ইমোশনাল ডিপেন্ডেন্সি একজনকে আরেকজনের ছায়ায় হারিয়ে ফেলতে পারে।



ইমোশনাল ডিপেন্ডেন্সি থেকে বের হওয়ার বাস্তবসম্মত সমাধান:


#নিজের জীবনকে আবার কেন্দ্র বানান।সম্পর্ক গুরুত্বপূর্ণ,কিন্তু পুরো জীবন না।নিজের পড়াশোনা, কাজ, লক্ষ্য এগুলোকে আবার গুরুত্ব দিন।নিজের পরিচয় শক্ত হলে নির্ভরশীলতা কমে যায়।


#নিজের সাথে সময় কাটানো শিখুন।

একাকীত্বকে ভয় না পেয়ে ধীরে ধীরে অভ্যাস করুন। বই পড়া, হাঁটা, লেখা, বা হবি,নিজের সাথে সময় কাটানো মানসিক শক্তি বাড়ায়।


#সব সুখ এক জায়গায় রাখবেন না।একজন মানুষের উপর সব আবেগ, আশা, সুখ চাপিয়ে দিলে চাপ তৈরি হয়।বন্ধু, পরিবার, নিজের লক্ষ্য সব জায়গা থেকে মানসিক সাপোর্ট নিন।


#অতিরিক্ত যোগাযোগের অভ্যাস নিয়ন্ত্রণ করুন।

সবসময় মেসেজ/কলের অপেক্ষা করা বা বারবার চেক করা কমান। 

ধীরে ধীরে নিজের মনকে স্থির রাখার অনুশীলন করুন।


#নিজের আত্মসম্মান তৈরি করুন।আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করে না। নিজের গুণ,সক্ষমতা আর উন্নতির দিকে ফোকাস করুন।


#বাস্তবতা মেনে নেওয়া শিখুন।সব সম্পর্ক একরকম থাকবে না,সব মানুষ একইভাবে আচরণ করবে না।এই বাস্তবতা মেনে নিলে কষ্ট কমে।


#খোলামেলা কথা বলুন

যার উপর নির্ভরশীলতা তৈরি হয়েছে,তার সাথে শান্তভাবে নিজের অনুভূতি শেয়ার করুন।চাপ না দিয়ে, দোষ না দিয়ে।


#প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন।কখনো কখনো মানসিক ভারসাম্য ফেরাতে কিছুটা স্পেস নেওয়া জরুরি।


লেখা:  ইশরাত জাহান ইনা 


sidebar ad