একটি সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি রান্নাঘর। কারও কাছে এটি ভালোবাসা প্রকাশের জায়গা, কারও কাছে সৃজনশীলতার, আবার কারও কাছে প্রতিদিনের দায়িত্ব পালনের কর্মক্ষেত্র। কিন্তু একই রান্নাঘরে যখন থাকেন শাশুড়ি ও পুত্রবধূ, তখন কখনো কখনো এই জায়গাটিই হয়ে ওঠে নীরব ক্ষমতার লড়াইয়ের কেন্দ্র।
তরকারিতে লবণ একটু বেশি হয়েছে, ডালে ফোড়ন ঠিকমতো পড়েনি, মাছ রান্নার ধরন পছন্দ হয়নি কিংবা রান্নার সময় নিয়ে আপত্তি—এমন ছোট ছোট বিষয় থেকেই শুরু হতে পারে মনোমালিন্য। একসময় প্রশ্ন ওঠে, রান্নাঘরের সিদ্ধান্ত নেবেন কে? সংসারের দীর্ঘদিনের অভিজ্ঞ শাশুড়ি, নাকি নতুন সংসারে নিজের পছন্দ ও অভ্যাস নিয়ে আসা পুত্রবধূ?
প্রশ্নটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে নারীর অধিকার, পারিবারিক ক্ষমতার ভারসাম্য, প্রজন্মের পার্থক্য এবং পারস্পরিক সম্মানবোধের নানা গল্প।
অভিজ্ঞতা বনাম নতুনত্ব
একজন শাশুড়ি হয়তো ৩০-৩৫ বছর ধরে একটি সংসারের রান্নাঘর সামলাচ্ছেন। পরিবারের কার কী পছন্দ, কার কোন খাবারে অরুচি, কোন পদ কীভাবে রান্না করলে সবাই খুশি হন—সবই তার নখদর্পণে। স্বাভাবিকভাবেই রান্নাঘরটি তার কাছে শুধু একটি ঘর নয়, বরং নিজের শ্রম, অভিজ্ঞতা ও ভালোবাসার জায়গা।
সেখানে নতুন একজন মানুষ এসে যদি রান্নার পদ্ধতি বদলে দিতে চান, খাবারের মেনুতে পরিবর্তন আনতে চান, তাহলে তাঁর মনে হতে পারে, এত দিনের অভ্যাস ও কর্তৃত্ব বুঝি আর থাকছে না।
অন্যদিকে, একজন পুত্রবধূও বিয়ের পর নতুন সংসারে নিজের মতো করে কিছু করতে চান। নিজের পছন্দের খাবার রান্না করতে চান, স্বামী-সন্তানের জন্য নতুন নতুন পদ তৈরি করতে চান। কিন্তু প্রতিটি কাজের আগে যদি তাঁকে অনুমতি নিতে হয় কিংবা রান্নার পর প্রতিটি পদ নিয়ে সমালোচনা শুনতে হয়, তাহলে ধীরে ধীরে তাঁর মধ্যে তৈরি হতে পারে একধরনের অস্বস্তি।
এখানে সমস্যাটি আসলে কে ভালো রান্না করেন, তা নয়। বরং কে কাকে কতটা জায়গা দিতে পারছেন, সেটিই বড় বিষয়।
৫৮ বছর বয়সী একজন শাশুড়ি সালমা আনোয়ার জানালেন তার অভিজ্ঞতার গল্প। বিয়ের পর থেকে নিজের সংসারের প্রতিটি সদস্যের পছন্দ-অপছন্দ বুঝে রান্না করেছেন তিনি। সন্তানদের বড় করেছেন, অতিথি আপ্যায়ন করেছেন, অসুস্থ স্বামীর জন্য আলাদা খাবার তৈরি করেছেন। রান্নাঘর ছিল তার প্রতিদিনের ব্যস্ততা ও আত্মপরিচয়ের অংশ। ছেলের বিয়ের পর সংসারে এলেন নতুন একজন সদস্য। শুরুতে সবকিছু ভালোই ছিল। কিন্তু কিছুদিন পর পুত্রবধূ নিজের মতো করে রান্না শুরু করলেন। পরিবারের খাবারের তালিকায় এল নতুনত্ব। শাশুড়ির পুরোনো রান্নার ধরন নিয়ে কখনো কখনো মন্তব্যও করতে লাগলেন পুত্রবধূ।
শাশুড়ির মনে প্রশ্ন, এত দিন যে রান্নাঘরটি আমি সামলেছি, সেখানে এখন কি আমার কোনো সিদ্ধান্তের মূল্য নেই?
এমন পরিস্থিতিতে অনেক শাশুড়ি নিজেদের অবহেলিত মনে করেন। তাঁদের কাছে রান্নাঘরের নিয়ন্ত্রণ হারানো মানে শুধু দায়িত্ব হারানো নয়, বরং সংসারে নিজের গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কাও।
এদিকে ২৯ বছর বয়সী এক এক পুত্রবধূ নিতু সুলতানা। জানালেন তার অভিজ্ঞতা। চাকরির পাশাপাশি সংসার সামলানোর চেষ্টা করেন তিনি। ছুটির দিনে পরিবারের জন্য পছন্দের কিছু রান্না করতে ভালোবাসেন। কিন্তু রান্নাঘরে ঢুকলেই শাশুড়ির নানা নির্দেশনা। কোন মসলা কতটুকু দিতে হবে, কখন পেঁয়াজ দিতে হবে, মাছ কীভাবে ভাজতে হবে—প্রতিটি বিষয়ে রয়েছে নির্দিষ্ট নিয়ম। নিজের মতো কিছু করতে গেলেই শুনতে হয়, ‘আমাদের বাড়িতে এভাবে রান্না হয় না।’
একসময় রান্না করার আনন্দটাই হারিয়ে ফেলেন তিনি। মনে হতে থাকে, নিজের সংসারে থেকেও নিজের পছন্দের খাবার রান্না করার স্বাধীনতা নেই।
এমন অভিজ্ঞতা অনেক পুত্রবধূর কাছে পরিচিত। বিশেষ করে যৌথ পরিবারে রান্নাঘরের দায়িত্ব ভাগাভাগি না হলে তাঁদের ওপর তৈরি হতে পারে বাড়তি মানসিক চাপ।
রান্নাঘরের লড়াইয়ে স্বামীর ভূমিকা কোথায়? শাশুড়ি-পুত্রবধূর সম্পর্কের টানাপোড়েনে অনেক সময় নীরব দর্শক হয়ে থাকেন পরিবারের ছেলে বা স্বামী। অথচ তাঁর ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মায়ের প্রতি দায়িত্ব যেমন রয়েছে, তেমনি স্ত্রীর প্রতিও রয়েছে সম্মান ও সহযোগিতার দায়। কিন্তু অনেকেই মনে করেন, মা ও স্ত্রীর মধ্যকার সমস্যা তাঁদের নিজেদেরই মিটিয়ে নেওয়া উচিত।
বাস্তবে এই নীরবতা অনেক সময় সমস্যাকে আরও জটিল করে তোলে। কারণ, একজনের অভিযোগ অন্যজনের কাছে পৌঁছায় না। ছোটখাটো বিরোধ জমতে জমতে বড় ধরনের দূরত্ব তৈরি করে।
স্বামীর উচিত কোনো পক্ষ না নিয়ে দুজনের কথাই মনোযোগ দিয়ে শোনা। সংসারের কাজ ভাগ করে নেওয়া এবং রান্নাঘরের দায়িত্ব নিয়ে একটি সম্মানজনক সমঝোতা তৈরি করাও তাঁর দায়িত্বের অংশ।
মনোবিশ্লেষকদের মতে, পরিবারের ভেতরে দায়িত্ব ও কর্তৃত্বের বিষয়টি অনেক সময় ব্যক্তির আত্মপরিচয়ের সঙ্গে জড়িয়ে যায়। দীর্ঘদিন একটি দায়িত্ব পালন করার পর সেখানে নতুন কেউ যুক্ত হলে নিজের গুরুত্ব কমে যাওয়ার ভয় তৈরি হতে পারে। আবার নতুন পরিবেশে এসে নিজের সিদ্ধান্ত ও পছন্দ প্রকাশ করতে না পারলে পুত্রবধূর মধ্যেও হতাশা তৈরি হয়।
রান্নাঘর কেন হয়ে ওঠে ক্ষমতার জায়গা?
মনস্তাত্ত্বিকভাবে দেখলে, দীর্ঘদিন ধরে একটি সংসার সামলানো নারীর কাছে রান্নাঘর শুধু কাজের জায়গা নয়, বরং তাঁর অভিজ্ঞতা, অভ্যাস ও অবদানের অংশ। বছরের পর বছর পরিবারের সবার পছন্দ-অপছন্দ বুঝে রান্না করা, অতিথি আপ্যায়ন, উৎসবের আয়োজন—সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকে তাঁর আবেগ।
অন্যদিকে নতুন বউ যখন সংসারে আসেন, তখন তিনিও নিজের মতো করে সংসার সাজাতে চান। তাঁরও থাকে নিজস্ব রান্নার ধরন, পছন্দ, পরিকল্পনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা। কিন্তু দুজনের অভ্যাস ও সিদ্ধান্ত নেওয়ার ধরন আলাদা হলে সংঘাত তৈরি হতে পারে।
এখানে দ্বন্দ্বটা সব সময় রান্না নিয়ে নয়; অনেক সময় এর আড়ালে থাকে নিজের গুরুত্ব, গ্রহণযোগ্যতা ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রতিষ্ঠার চেষ্টা।
শাশুড়ির মতামত: ‘এই সংসারটা এত বছর ধরে আমিই সামলেছি’
একজন শাশুড়ির দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি এমন হতে পারে—
‘আমি যখন এই সংসারে এসেছিলাম, তখন সবকিছু নিজের হাতে শিখে, বুঝে সামলেছি। পরিবারের কে কী খেতে পছন্দ করে, কার কোন খাবারে সমস্যা, কোন অনুষ্ঠানে কী রান্না করতে হয়—সব আমার জানা। এত বছর ধরে এই রান্নাঘর আমার পরিশ্রমে চলে এসেছে। এখন হঠাৎ করে সবকিছু বদলে গেলে একটু অস্বস্তি তো লাগবেই।
আমি হয়তো চাই, আমার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হোক। কিন্তু নতুন বউ যদি নিজের মতো করে সবকিছু করতে চায়, তখন কখনো কখনো মনে হয়, আমার এত বছরের অভিজ্ঞতার কি আর কোনো মূল্য নেই? আমি হয়তো তাকে শেখাতে চাই, কিন্তু সে সেটিকে হস্তক্ষেপ হিসেবে দেখে।’
এই বক্তব্যের পেছনে থাকতে পারে নিজের ভূমিকা হারানোর ভয়। সন্তান বড় হয়েছে, বিয়ে করেছে, সংসারে নতুন একজন মানুষ এসেছে—এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে অনেক মায়েরই সময় লাগে। এত দিন যে জায়গায় তাঁর সিদ্ধান্তই ছিল শেষ কথা, সেখানে নতুন কারও মতামতকে জায়গা দেওয়া সহজ নাও হতে পারে।
বউয়ের মতামত: ‘নিজের সংসারে নিজের মতো করে কিছু করতে চাই’
অন্যদিকে একজন পুত্রবধূর অনুভূতি হতে পারে ভিন্ন—
‘বিয়ের পর নতুন একটি পরিবারে এসে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু রান্নাঘরে গেলেই যদি শুনতে হয়, এভাবে রান্না হয় না, ওভাবে মসলা দিতে হয়, এই খাবার কেউ খাবে না—তাহলে নিজের মতো করে কিছু করার আগ্রহ কমে যায়।
আমি হয়তো নতুন কোনো পদ রান্না করতে চাই, পরিবারের সবার পছন্দ অনুযায়ী খাবারের তালিকা সাজাতে চাই। কিন্তু প্রতিটি কাজে যদি তুলনা করা হয়, তাহলে মনে হয় এই সংসারে আমার নিজের কোনো জায়গা নেই। আমি শাশুড়িকে অসম্মান করতে চাই না, তাঁর অভিজ্ঞতাকেও অস্বীকার করি না। শুধু চাই, আমার মতামতটুকুও গুরুত্ব পাক।’
এই অনুভূতির পেছনে থাকতে পারে আত্মপরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষা। নতুন সংসারে একজন নারী শুধু কারও স্ত্রী বা পুত্রবধূ হিসেবে নয়, নিজের স্বতন্ত্র পরিচয় নিয়েও জায়গা তৈরি করতে চান। প্রতিনিয়ত সমালোচনা বা তুলনার মুখে পড়লে তাঁর মধ্যে হতাশা, আত্মবিশ্বাসের ঘাটতি কিংবা দূরত্ব তৈরি হতে পারে।
আসল সমস্যা রান্না নয়, যোগাযোগের অভাব
শাশুড়ি ও বউয়ের এই দুই অবস্থানই নিজেদের জায়গা থেকে যৌক্তিক হতে পারে। একজন নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানকে স্বীকৃতি দিতে চান, অন্যজন চান নতুন সংসারে নিজের মতো করে জায়গা তৈরি করতে।
সমস্যা তৈরি হয় যখন একজনের অভিজ্ঞতা অন্যজনের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, কিংবা একজনের স্বাধীনতার চর্চা অন্যজনের অবদানকে অস্বীকার করে।
এ ছাড়া কয়েকটি বিষয় এই দ্বন্দ্বকে বাড়িয়ে দিতে পারে—
- প্রজন্মের পার্থক্য: খাবার তৈরি, পরিবেশন ও পরিবারের জীবনযাপনের ধরনে দুই প্রজন্মের পছন্দ আলাদা হতে পারে।
- কর্তৃত্বের মনোভাব: কে কী রান্না করবেন, কখন করবেন—এসব বিষয়ে একক সিদ্ধান্ত চাপিয়ে দিলে বিরোধ তৈরি হয়।
- তুলনা করার প্রবণতা: ‘আগের বউ এমন করত’, ‘আমাদের সময়ে এমন ছিল না’—এ ধরনের মন্তব্য সম্পর্কের দূরত্ব বাড়ায়।
- স্বীকৃতির অভাব: একজনের পরিশ্রমকে অন্যজন গুরুত্ব না দিলে ক্ষোভ জমতে থাকে।
- কাজের অসম বণ্টন: রান্না ও ঘরের সব দায়িত্ব একজনের ওপর চাপিয়ে দিলে বিরক্তি তৈরি হওয়া স্বাভাবিক।
সমাধান কি আলাদা রান্নাঘর?
অনেকে মনে করেন, শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক ভালো রাখতে আলাদা রান্নাঘরই সবচেয়ে কার্যকর সমাধান। কিন্তু সব পরিবারের জন্য এটি প্রয়োজনীয় কিংবা সম্ভব নয়।
একই রান্নাঘরে থেকেও সুন্দর সম্পর্ক বজায় রাখা সম্ভব, যদি দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকে। শাশুড়ি তাঁর অভিজ্ঞতা দিয়ে পুত্রবধূকে সহযোগিতা করতে পারেন, কিন্তু নিজের নিয়ম চাপিয়ে দেওয়া উচিত নয়। অন্যদিকে পুত্রবধূরও উচিত দীর্ঘদিনের অভ্যাস ও অভিজ্ঞতাকে সম্মান করা। রান্নার পদ্ধতি আলাদা হলেই সেটি ভুল, এমন ভাবার কারণ নেই।
সপ্তাহের নির্দিষ্ট দিন ভাগ করে রান্না করা, বিশেষ খাবারের মেনু দুজনে মিলে ঠিক করা কিংবা পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রান্নাঘর যেন কারও একক অধিকারের জায়গা না হয়ে পরিবারের সবার অংশগ্রহণের জায়গা হয়ে ওঠে।