বিবাহবিচ্ছেদ মানে জীবনের পূর্ণচ্ছেদ নয়। বরং তা হতে পারে কোন অচল সম্পর্ক থেকে বেরিয়ে আসার এক সাহসী পদক্ষেপ। ব্যর্থতা, কষ্ট, আর একাকীত্বের মোড়কে একে না বেঁধে অনেক সময় তা হয়ে উঠে নিজেকে নতুন করে গড়ার এক দ্বিতীয় সুযোগ।
বিয়ের নাম আসলে অবধারিতভাবে যে কথাটি আমরা শুনি তা হলো “শাদী কা লাড্ডু।’’ খেলে পস্তাতে হয়, আবার না খেলেও পস্তাতে হয়। যতই হাস্যরসাত্মকভাবে একে অভিহিত করা হোক না কেনো, একটি মানুষের জীবনের নতুন অধ্যায় রচিত হয় এর মাধ্যমে। দিনশেষে যখন পৃথিবীটা খুব কঠিন মনে হয়, তখন হাজারো মানুষের ভিড়ে এমন একজন মানুষের কাছে ফিরে আসা, যার কাছে সকল ক্লান্তি ভুলে নির্ভরতায় কাছে আসা যায়, হাতটা শক্ত করে ধরে থাকা যায়। কিন্তু জীবন সবসময় সোজা পথে চলে না। পথ চলতে চলতে কখনো আকাশ মেঘলা হয়, কখনো বা অমসৃণ চড়াই-উৎরাই পথের সন্ধান মেলে, যা আমাদের থমকে দেয়। বিবাহবিচ্ছেদ তেমনই এক ধূসর অধ্যায়। একটি সম্পর্ক ভেঙ্গে যাওয়ার মানে শুধুমাত্র প্রিয় মানুষটিকে হারানো নয়। একসাথে কাটানো দৈনন্দিন কাজ, ভবিষ্যতের পরিকল্পনা এবং আপনার পরিচয়ের একটি অংশও হারিয়ে যাওয়া। জীবনের এই বিপর্যয়ে তখনই দুঃখ, রাগ, ক্লান্তি, হতাশা আসাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, বিবাহবিচ্ছেদ জীবনের একটি কঠিন অধ্যায় হতে পারে, তবে এটি কোনভাবেই জীবনের শেষ নয়। কখনো কখনো জীবন আপনাকে ভেঙ্গে দেয়, শুধু আপনাকে নতুন করে গড়ার জন্য। অন্ধকারাচ্ছন্ন রাত যতোই গভীর হোক না কেনো, ভোরের আলোর তো দেখা মেলবেই।
বিচ্ছেদের পর বিষন্নতাকে জয় করে ছোট ছোট কিছু অর্থপূর্ণ পদক্ষেপ আপনাকে ধীরে ধীরে সুস্থ হতে এবং সামনে এইয়ে যেতে সাহায্য করতে পারে। তার জন্য নিতে পারেন কিছু কার্যকরী কিছু পদক্ষেপ-
• আমার আমি’কে নতুন করে চেনা
একটি দীর্ঘ সম্পর্কে আমরা অনেক সময় নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছেগুলোকে চাপা দিয়ে রাখি। এখন সময় এসেছে নিজেকে নতুন করে আবিষ্কার করা । বিবাহবিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে আবিষ্কার করা একটি চ্যালেঞ্জিং কিন্তু নতুন জীবনের শুরু। অতীতের কষ্ট ভুলে, নিজের ভালো লাগা, পুরাতন কোন শখ কিংবা ক্যারিয়ারের ওপর মনোযোগ দিতে পারেন।
• নিজের আবেগকে সময় দেয়া
বিবাহবিচ্ছেদের পর নিজের আবেগকে সময় দেয়া এবং সামলে ওঠা অত্যন্ত কঠিন, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। একটা সম্পর্ক থেকে বের হয়ে আসায় রাগ, হতাশা, একাকীত্ব এগুলো আসাটাই স্বাভাবিক। মনের মাঝে আসা এসব আবেগিয় পরিবর্তন চেপে না রেখে মেনে নেয়াটাই উত্তম। কষ্ট পাওয়া, কান্নাকাটি করা এগুলোর মানে হলো আপনার দূর্বলতা নয়। বরং এগুলোর হিলিং প্রসেস এর জন্য চাই কিছুটা সময়ের।
• স্বাস্থ্যের যত্ন নেয়া
শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি নিশ্চিত করে। নিজেকে ফিট রাখতে পারলে, ভেতর থেকে আত্মবিশ্বাস আসে। এক্ষেত্রে একটি সুশৃঙ্খল রুটিন তৈরি করে নিতে পারেন। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন। মেডিটেশন বা ইয়োগা অস্থিরতা কমিয়ে মন স্থিতিশীল রাখতে খুবই কার্যকর। পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার গ্রহন নিশ্চিত করতে হবে।
• নতুন লক্ষ্য ও স্বপ্ন গড়া
জীবনের গতি ঠিক রাখতে ছোট ছোট নতুন লক্ষ্য স্থির করা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হতে পারে নতুন কোন ভাষা শেখা, ক্যারিয়ারে নতুন কোন স্কিল অর্জন করা কিংবা ছোটখাটো কোন ভ্রমণে যাওয়া। এই লক্ষ্য গুলো পূরণ হলে আপনার মনে হবে নিজের জীবনের নিয়ন্ত্রন আবার নিজের হাতে ফিরে পেয়েছেন।
• নেতিবাচকতা থেকে দূরে থাকা
মানুষ নিজের সাথে যুদ্ধ করে যতটা না ভেঙ্গে পড়ে, তার বেশি আঘাত পায় চারপাশের প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে। সমাজ কি বলবে, তা নিয়ে দুশ্চিন্তা না করে নিজের মানসিক শান্তির উপর জোর দিন। জগতের সকলেই আপনাকে বুঝবেনা। তাই সমস্ত নেতিবাচকতাকে একপাশে ঠেলে রেখে যারা আপনাকে বোঝে এবং সাপোর্ট করে, এমন বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে সময় কাটান।
• সাবেক সংগীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন
পিছুটান থাকলে সামনে এগিয়ে যাওয়ার পথ মন্থর হয়ে যায়। পিছুটান কাটতে এবং মানসিকভাবে প্রস্তুত হতে প্রাক্তনের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করুন।
• পেশাদারের সহায়তা নেয়া
যদি মনে হয় যে, মানসিক চাপ কোনভাবেই নিজের নিয়ন্ত্রনে আসছেনা, সবকিছু সহ্যক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তবেই একজন অভিজ্ঞ কাউন্সিলর বা থেরাপিস্টের পরামর্শ নিন। মনের মাঝে এগুলো চাপা না দিয়ে কথা বলা বা মনের ভার হালকা করা সুস্থ হয়ে উঠার প্রক্রিয়ায় বড় ভুমিকা রাখে।
• আবার ভালোবাসার সম্ভাবনা
অনেকের কাছে বিচ্ছেদ মানে ভালোবাসার সমাপ্তি। কিন্তু সত্যটা হলো ভালোবাসার কোন শেষ নেই। তার রুপটার পরিবর্তন হয় শুধুমাত্র। যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজের কাছে নিজে ভালোলাগা মানুষ হয়ে উঠবেন, তখনই দেখবেন জীবনে নতুন সম্পর্কের জন্য জায়গা তৈরি করতে পারবেন।
ফেলে আসা অতীত পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু বর্তমান আর সামনে আসা ভবিষ্যতকে সুন্দর করার সামর্থ আমাদের আছে। তার জন্য দরকার নিজের ইচ্ছাশক্তির। নিজের উপর বিশ্বাস রাখুন। পৃথিবীটা আপনার জন্য এখনো এমন অনেক সুন্দর কিছু অপেক্ষা করে রেখেছে।
শায়লা জাহান