এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। এরপর বাসায় থেকেই চলছিল তাঁর চিকিৎসা।
চিকিৎসার জন্য গত ৯ মার্চ চেন্নাইয়ে যান এই অভিনেত্রী। সেখানে আরও দুটি সার্জারি করাতে হয় তাঁকে। শারীরিক অসুস্থতার কারণে তখন ঠিকমতো কথাও বলতে পারতেন না তানিয়া। তাই দীর্ঘ সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে দেখা যায়নি।
অবশেষে নয় মাস পর শনিবার ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা। লাইভের শুরুতেই তানিয়া বলেন, ‘আমি ভালো আছি। বলেন, আপনারা কেমন আছেন?’
নিজের শারীরিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। জানান, পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এখনো। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। তাঁর ভাষায়, ‘আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো।’
দীর্ঘ চিকিৎসার এই সময়ে ভক্তদের ভালোবাসা ও দোয়া যে তাঁকে সাহস জুগিয়েছে, সেটিও স্পষ্ট তাঁর কথায়। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন।’
লাইভে তাঁর শারীরিক পরিবর্তন নিয়েও ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। অনেকে মন্তব্য করেছিলেন, আগের তুলনায় তাঁর ওজন বেড়েছে। বিষয়টি ব্যাখ্যা করে তানিয়া জানান, দুটি সার্জারির কারণে তাঁর ওজন বেড়েছে। এটি স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ নয় মাসের নীরবতার পর তানিয়ার এই ফিরে আসা তাই শুধু একটি ফেসবুক লাইভ নয়, তাঁর ভক্তদের জন্যও ছিল স্বস্তির মুহূর্ত। কঠিন চিকিৎসার পথ পেরিয়ে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। পুরোপুরি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন—ভক্তদের প্রত্যাশা এখন সেটিই।