চুড়ি থেকে ব্রেসলেট—নারীর হাতের সাজে ঐতিহ্য ও আধুনিকতার গল্প

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারীর সাজগোজের ইতিহাসে অলংকারের গুরুত্ব সবসময়ই বিশেষ। আর হাতের সৌন্দর্য বাড়াতে চুড়ি যুগ যুগ ধরে নারীর অন্যতম প্রিয় অনুষঙ্গ।


কাঁচের চুড়ির টুংটাং শব্দ, সোনালি বা রুপালি চুড়ির ঝলক কিংবা রঙিন চুড়ির বৈচিত্র্য সবকিছুই নারীর সাজে যোগ করে ভিন্ন এক সৌন্দর্য ও নারীত্বের ছোঁয়া।


প্রাচীন কাল ধরে একটা প্রবাদ গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিলো নারীর হাতে চুড়ি না থাকলে স্বামী র অমংগল হয়। যদিও কুসংস্কার তবুও পরম মমতায় আজও নারীর হাতে শোভা পায় এই অনন্য অলংকারটি।


একসময় নারীর সাজ বলতে কপালে টিপ, হাতে চুড়ি আর গলায় হার এসব ছিল প্রায় অবিচ্ছেদ্য। 

বিয়ে, উৎসব কিংবা যেকোনো বিশেষ অনুষ্ঠানে চুড়ি ছিল সাজের প্রধান অংশ। বিশেষ করে আমাদের উপমহাদেশের সংস্কৃতিতে চুড়ি শুধু একটি অলংকার নয়, এটি ঐতিহ্য, আনন্দ এবং নারীর সাজের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি অনুভূতি।


তবে সময়ের সঙ্গে বদলেছে ফ্যাশন, বদলেছে নারীর পছন্দ এবং জীবনযাত্রার ধরন। চুড়ির জায়গা পুরোপুরি না নিলেও তার সঙ্গে আধুনিকতার সংযোজন হিসেবে এসেছে ব্রেসলেট। 


আজকের নারীরা এমন অলংকার পছন্দ করেন, যা একদিকে স্টাইলিশ, অন্যদিকে আরামদায়ক এবং দৈনন্দিন জীবনের সঙ্গে মানানসই। আর সেই কারণেই ব্রেসলেট এখন সব বয়সী নারীর পছন্দের তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে।


তরুণীদের কাছে এখন মিনিমাল, স্লিম ও ট্রেন্ডি ব্রেসলেট বেশ জনপ্রিয়। অফিসগামী নারীরা পছন্দ করেন মার্জিত ও সিম্পল ডিজাইন, যা কর্মক্ষেত্রের পোশাকের সঙ্গেও মানিয়ে যায়। 


আবার উৎসব, বিয়ে কিংবা বিশেষ অনুষ্ঠানের জন্য পাথর, মুক্তা বা নকশাদার ব্রেসলেট সাজে যোগ করে আভিজাত্যের ছোঁয়া।  বয়স ও স্টাইলভেদে ডিজাইন বদলালেও ব্রেসলেটের জনপ্রিয়তা কিন্তু সব বয়সী নারীর কাছেই সমান।


আজকের ফ্যাশনে অনেকেই চুড়ি ও ব্রেসলেট একসঙ্গেও পরছেন। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে রঙিন চুড়ির পাশাপাশি একটি স্টাইলিশ ব্রেসলেট


এই ফিউশন সাজ এখন বেশ জনপ্রিয়


আবার পশ্চিমা বা আধুনিক পোশাকের সঙ্গে একক একটি ব্রেসলেটই হয়ে উঠতে পারে ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম।


চুড়ি আমাদের ঐতিহ্যের কথা বলে, আর ব্রেসলেট প্রকাশ করে আধুনিকতার ভাষা। তাই সময় বদলালেও হাতের অলংকারের প্রতি নারীর ভালোবাসা কমেনি, বরং আরও বৈচিত্র্যময় হয়েছে। 


নারীর সাজে চুড়ির টুংটাং শব্দ আর ব্রেসলেটের আধুনিক সৌন্দর্য দুটো মিলেই তৈরি করে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর সমন্বয়।


কারণ সাজের ধরন বদলাতে পারে, ফ্যাশনের ট্রেন্ড বদলাতে পারে কিন্তু নারীর হাতে অলংকারের আবেদন কখনো পুরোনো হয় না।


ঢাকা/আরএস

sidebar ad