এই বর্ষায় শুধু ছাতা নয়, সঙ্গে রাখুন পরিকল্পনা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬

এই বর্ষায় শুধু ছাতা নয়, সঙ্গে রাখুন পরিকল্পনা

ইশরাত জাহান ইনা


বর্ষা যেন এক মায়াবী ঋতু। কখনো ঝুম বৃষ্টির সুর, কখনো মেঘের গম্ভীর ডাক, কখনো আবার ভেজা মাটির মাতাল করা গন্ধ। কিন্তু এই রোমান্টিক ঋতুই কর্মজীবী নারীদের জন্য নিয়ে আসে কিছু বাড়তি দায়িত্ব, কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ।



অফিসে সময়মতো পৌঁছানো, পোশাক-পরিচ্ছদ ঠিক রাখা, ভেজা রাস্তা পেরিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কর্মক্ষেত্রে নিজেকে উপস্থাপন করা, সবকিছুই যেন এক নিঃশব্দ লড়াই।


তবু বাংলাদেশের নারীরা থেমে থাকেন না। হাতে ছাতা, কাঁধে ব্যাগ আর মনে অদম্য আত্মবিশ্বাস নিয়ে তারা প্রতিদিন ছুটে চলেন কর্মক্ষেত্রের দিকে। কারণ তারা জানেন সফলতা অপেক্ষা করে প্রস্তুত মানুষের জন্য।



ব্যাগে থাকুক একটি  মনসুন সারভাইভাল কিট। একজন স্মার্ট কর্মজীবী নারীর ব্যাগে বর্ষাকালে কিছু জিনিস যেন নিত্যসঙ্গী,যা ছাড়া সে প্রায় অচল।


যেমন: ফোল্ডিং ছাতা বা হালকা রেইনকোট। মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের জন্য জলরোধী পাউচ।

ছোট তোয়ালে বা টিস্যু। অতিরিক্ত মাস্ক। পাওয়ার ব্যাংক। ছোট চিরুনি, লিপবাম ও প্রয়োজনীয় প্রসাধনী।


এই ছোট্ট প্রস্তুতিই দিনের বড় ঝামেলাগুলোকে অনেকটাই সহজ করে দেয়।



স্টাইলের সঙ্গে থাকুক বাস্তবতার ছোঁয়া: বর্ষায় পোশাক শুধু সুন্দর হলেই হবে না,হতে হবে ব্যবহারিকও।দ্রুত শুকিয়ে যায় এমন কাপড় পরুন। হাঁটুর নিচে না নামে এমন পোশাক এবং গাঢ় রঙের আউটফিট বৃষ্টির দিনে যেমন আরাম দেয়, তেমনি আত্মবিশ্বাসও বাড়ায়।



নিরাপদ জুতাই স্মার্ট সিদ্ধান্ত: পিচ্ছিল রাস্তা কিংবা জমে থাকা পানিতে হাই হিল বিপদের কারণ হতে পারে। অ্যান্টি-স্লিপ স্যান্ডেল বা জলরোধী জুতা অনেক বেশি নিরাপদ। অনেক কর্মজীবী নারী আবার অফিসে আলাদা এক জোড়া ফরমাল জুতা রেখে দেন।এটিও একটি দারুণ অভ্যাস।



প্রযুক্তিরও চাই সুরক্ষা: একটু অসাবধানতায় বৃষ্টির পানিতে নষ্ট হতে পারে মোবাইল কিংবা ল্যাপটপ। তাই জলরোধী ব্যাগ বা পাউচ ব্যবহার এখন আর বিলাসিতা নয়,বরং প্রয়োজন।



কম মেকআপ,বেশি আত্মবিশ্বাস: বর্ষায় ভারী মেকআপের বদলে হালকা ও ওয়াটারপ্রুফ প্রসাধনীই সবচেয়ে ভালো।

চুল পরিপাটি করে বেঁধে নিলে সারাদিন সতেজ দেখায় এবং কাজের মধ্যেও স্বস্তি থাকে।



সময়ের আগে বের হওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা: ঢাকার বৃষ্টি মানেই বাড়তি যানজট,জলাবদ্ধতা আর ধীরগতি। 

তাই আবহাওয়ার খবর দেখে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে অযথা মানসিক চাপ কমে যায়।


বিকল্প রাস্তা বা যাতায়াতের পরিকল্পনাও আগে থেকে ভেবে রাখা বুদ্ধিমানের কাজ।



সুস্থ থাকাও স্মার্টনেসের অংশ: ভেজা পোশাক দীর্ঘক্ষণ পরে থাকা,ভেজা জুতা না বদলানো কিংবা অপরিষ্কার পানি পান করাএসব থেকেই হতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি। হতে পারে মারাত্মক সব রোগ ব্যাধি। অফিসে পৌঁছে যত দ্রুত সম্ভব শুকনো অবস্থায় ফিরে আসা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা বর্ষাকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



আত্মবিশ্বাসই হোক সবচেয়ে বড় অলংকার বর্ষা কখনোই একজন নারীর স্বপ্নকে আটকে রাখতে পারে না। বরং প্রতিকূলতার মাঝেও যিনি নিজেকে গুছিয়ে নিতে জানেন, তিনিই হয়ে ওঠেন সত্যিকারের স্মার্ট। 



ছাতার নিচে হোক কিংবা বৃষ্টিভেজা পথ পেরিয়ে প্রতিটি কর্মজীবী নারীর পদচারণায় লুকিয়ে থাকে সাহস, দায়িত্ব আর অদম্য এগিয়ে চলার গল্প।



এই বর্ষায় তাই শুধু ছাতা নয়, সঙ্গে রাখুন পরিকল্পনা, সচেতনতা আর আত্মবিশ্বাস। কারণ প্রস্তুত নারীই জানেন আকাশে যতই মেঘ জমুক, তাঁর স্বপ্নের পথ কখনো থেমে থাকে না।

sidebar ad